রান্নাঘরের টুকিটাকি
ঈদের আগের দিন সালাদের জন্য সবজি ও ফল কেটে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। পরিবেশনের আগে তেল, লবণ বা পছন্দের সালাদ ড্রেসিং দিয়ে মেখে নিন।

একসঙ্গে বেশ কয়েক পদ রান্না, অতিথি আপ্যায়ন—সব মিলে ঈদের দিন রাঁধুনি আর রান্নাঘরের ধকল বেশ। তবে টুকিটাকি কিছু কাজ এগিয়ে রাখলে ঝামেলা অনেকটাই কমানো যায়। এ নিয়ে পরামর্শ দিয়েছেন রান্নাবিদ সিতারা ফিরদৌস।
জেনে নিন
কী রান্না হবে, তা ঠিক করে রেসিপি জেনে নিন। আগে কখনো রাঁধা হয়নি, এমন পদ ঈদের দিন প্রথম না রাঁধাই ভালো।
সহজ কিছু নাশতার রেসিপি জোগাড় করে রাখুন, মূল খাবারের পাশাপাশি ঝটপট তৈরি করে যাতে পরিবেশন করা যায়।
সকালে কাবাব বা কোপ্তা বানিয়ে হালকা করে ভেজে রাখতে পারেন। অতিথি এলে আরেকবার ভেজে দিন।
সকালেই বেশি করে বেরেস্তা ভেজে নিন। বেরেস্তায় এক টেবিল চামচ চিনি ছড়িয়ে দিন, তাহলে মচমচে থাকবে।
সকালে ফ্রিজে রাখা বাটা মসলা বের করে রাখুন, যাতে রান্নার সময় তা গলে যায়।
রান্নাঘরের কনটেইনারগুলোয় লেবেল দিয়ে কোন বোতলে কী আছে লিখে রাখুন। যেমন: নুডলস, গরমমসলা, হলুদ, মরিচ ইত্যাদি।
বেশি করে পেঁয়াজ ছিলে বা কুচি করে বায়ুরোধী পাত্রে রেখে দিতে পারেন। দুই দিন ভালো থাকবে।•
ফ্রিজের দুর্গন্ধ এড়াতে ফ্রিজে এক ফালি লেবু রেখে দিন। ফ্রিজ খুললে লেবুর সুগন্ধ পাবেন।
পেঁয়াজ কাটার সময় একটু পানিতে ভিজিয়ে নিলে চোখ জ্বলবে না।
কাঁচা মরিচের বোঁটা ছাড়িয়ে সংরক্ষণ করতে হবে।
ঈদের দিন রান্নাঘরটা সাজিয়ে-গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিস রান্নাঘর থেকে সরিয়ে ফেলতে হবে।
চুলা ও কেবিনেটগুলো পরিষ্কার করে রাখতে হবে।
সেমাই, পুডিং—এসব মিষ্টান্ন আগের দিন তৈরি করে রাখা যেতে পারে।
মাছ, মাংস ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেন অনেকে। রান্না করার ঘণ্টা দুয়েক আগে বের করে স্বাভাবিক তাপে রাখতে হবে।
রান্নাঘরের একপাশে ট্রেতে পুদিনাপাতা, ধনেপাতা, লেবু কেটে সাজিয়ে রাখলে মাছি আসবে না।
ব্যবহারের পরই চুলা ও সিংক পরিষ্কার করে ফেলতে হবে, যাতে খাবারের কণা জমে না থাকে।
ঈদের আগের দিন সালাদের জন্য সবজি ও ফল কেটে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। পরিবেশনের আগে তেল, লবণ বা পছন্দের সালাদ ড্রেসিং দিয়ে মেখে নিন।
এঁটো থালাবাসন সিংকে জমিয়ে রাখা ঠিক না। অনেক রান্নাঘরের পাশে ছোট বারান্দা থাকে, প্রয়োজন হলে সেখানে বাসন রাখুন। তেলাপোকা বা অন্য কোনো পোকার আক্রমণ হলে ঈদের বেশ কয়েক দিন আগেই ব্যবস্থা নিন। ঈদের দিন এ নিয়ে ঝামেলা থাকবে না।