রান্নায় যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী সোহানা সাবা আর নির্মাতা মুরাদ পারভেজ। এমনিতে রান্নাবান্না তেমন করা হয় না এই দম্পতির। তবে ঈদের দিনের বিশেষ রান্না বলে কথা। নকশার জন্য নিজেদের দুটি প্রিয় খাবার রেঁধেছেন তাঁরা।‘১২-১৩ বছর বয়সে একবার মায়ের কাছে পুডিং খেতে চেয়েছিলাম। কোনো কারণে মা পুডিং তৈরি করে দেননি। তখন জেদ করে নিজেই পুডিং তৈরি করেছিলাম। সেই রান্না করা পুডিং আমি জোর করে খেয়েছিলাম ঠিকই। কিন্তু আর কেউ আমার রান্না করা প্রথম কোনো খাবার খেতে পারেনি।’ বললেন সোহানা সাবা। তবে বিয়ের পর দু-তিন বছর নিজের হাতে রান্না করেছেন। স্বামী মুরাদ পারভেজ সেই খাবারের মোটামুটি ভক্ত, সেটা বলা যায়। সাবার মুরগির মাংস, খিচুড়ি, ডাল রান্না অসাধারণ। মুরাদ পারভেদ নিজ মুখে স্ত্রী সোহানা সাবার রান্নার স্বীকৃতি দেন। অবশ্য মুরাদ যে খুব ভোজনরসিক, সেটা বলে যাবে না। সাবা বলেন, মুরাদকে যে খাবার রান্না করে দেওয়া হয়, সেটাই ও খুবই তৃপ্তিসহকারে খায়।ঈদের এই রান্নার জন্য দুই দিন ধরে বাজার করে প্রস্তুতি নিচ্ছেন সাবা ও মুরাদ। দুজনের কেউই নাকি রান্নায় তেমন পারদর্শী নন। তবে বিশেষ দিনে শখ করে রান্না করেন। এবার ঈদেও টুকটুাক রান্না তো হবেই।সাবার প্রিয় মিষ্টিজাতীয় খাবার আর মুরাদ পারভেজের চিংড়ি। খুলনা অঞ্চলের মানুষ হওয়ার কারণে ছোটবেলা থেকেই চিংড়ি খেতে খুব ভালোবাসেন মুরাদ। সাবার গ্রামের বাড়ি রাজবাড়ীর মিষ্টির প্রতি তাঁর দুর্বলতা সব সময়ই। যার যার প্রিয় একটি খাবার রান্না করেছের তাঁরা।‘মায়ের হাতের রান্না সব সময়ই মজাদার, বিশেষ করে ঈদের সময় নামাজের আগে মা ঝাল দিয়ে এক প্রকার খিচুড়ি তৈরি করেন। এই স্বাদ আমি আর কোনো খাবারে পাই না। মায়ের হাতের রান্না করা ঝালের খিচুড়ি আর বোনের চটপটি না খেলে আমার ঈদকে ঈদের মতো মনে হয় না।’ বলেন মুরাদ পারভেজ। গল্প বলার মধ্যেই এগিয়ে যাচ্ছে সোহানা সাবার রান্না। মাঝেমধ্যে মুরাদ পারভেজ চেখে নিচ্ছেন খাবারের স্বাদ। টুকটাক সাহায্যও করছেন।সাবার রান্না শেষ। এবার মূল রাঁধুনির ভূমিকায় মুরাদ পারভেজ। সোহানা সাবার বলেন ‘বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়িতে যখন ঈদ করি, খুব ভয়ে ছিলাম। কিন্তু রান্না করা আমার পায়েস খেয়ে সবাই খুব প্রশংসা করে। তারপর ভয় কেটে যায়। আমার মায়ের হাতের রান্না খুব ভালো, বিশেষ করে ঈদের রান্নাগুলো এখন মিস করি। কিন্তু মায়ের রান্নায় লবণ বেশি হয়, না হয় কম হয়। তখন মা যেকোনো কারণ দেখান। সেটা নিয়ে আমরা সবাই খুব মজা করতাম মায়ের সঙ্গে।’ কথায় কথায় মুরাদ পারভেজের চিংড়ি দিয়ে তাওয়া চিংড়ি ও সোহানা সাবার দইবাদাম তৈরি করা হয়ে যায়। রান্নার পর পরিবেশনের পালা। তাতে অবশ্য বেশ দক্ষ বলেই মনে হলো তাঁদের। দইবাদামউপকরণ: হাং কার্ড (দই পাঁচ-ছয় ঘণ্টা একটা পাতলা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখে পুরো পানি ঝরিয়ে নিতে হবে) ৪ কাপ। গুঁড়ো চিনি পরিমাণমতো। কেসর সামান্য, আমন্ড ও কাজুবাদাম, কিশমিশ ২ টেবিল-চামচ কুচানো। প্রণালি: হাং কার্ডে চিনি মিশিয়ে ভালো করে ফেটাতে হবে। মাখনের মতো মোলায়েম হয়ে গেলে কেসর মেশাতে হবে। আমন্ড, কাজু ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন। এরপর ঠান্ডা হলে খেতে হবে। তাওয়া চিংড়িউপকরণ: গলদা চিংড়ি (৫০০ গ্রাম) পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, ক্যাপসিকাম ২টা (মাঝারি আকারের)। বড় বড় করে কাটা, পেঁয়াজ ২টা বড় বড় করে কাটা, লেবুর রস ৪ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ, মাখন ২৫ গ্রাম, লবণ পরিমাণমতো। প্রণালি: লবণ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো দিয়ে চিংড়ি এক থেকে দুই ঘণ্টা ম্যারিনেট করুন। ননস্টিক প্যানে মাখন গরম হলে চিংড়ি ও পেঁয়াজ দিন। পাঁচ মিনিট ঢেকে রাখুন। তারপর ক্যাপসিকাম দিয়ে ১০ মিনিট হালকা ভেজে নাড়ুন। রুটি তন্দুরি বা নানের সঙ্গে পরিবেশন করুন। লেখা: তারিকুর রহমান খান