রান্নায় যুগলবন্দী
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও গানের শিল্পী সুজিত মোস্তাফা। স্বামী-স্ত্রী দুজনই ব্যস্ত নিজ নিজ অঙ্গনে। ঘরে দুজন মিলে রান্না করেন মাঝেমধ্যে। এ ক্ষেত্রে মুনমুনের ভূমিকাই প্রধান। তবে সুজিত মোস্তাফা কয়েকটি বিশেষ রান্না করেন বেশ ভালো। মাঝেমধ্যে তা-ই রাঁধেনও। তবে ঈদের দিনের বিশেষ খাবার রাঁধবেন মুনমুন আর তাঁকে সাহায্য করবেন সুজিত মোস্তাফা। নকশার জন্য নিজেদের প্রিয় খাবার রেঁধেছেন তাঁরা।রান্নাবান্নার ফাঁকে ফাঁকে বেশ গল্প জমে ওঠে এই দম্পতির সঙ্গে। নাচ নিয়ে সারা দিন ব্যস্ত থাকতে হয়। তাই রাতে বাসায় ফিরে পরের দিনের রান্নাটা আগের রাতেই সেরে ফেলেন মুনমুন। বললেন, ‘আমি খেতে খুব পছন্দ করি। তাই রাঁধতেও ভীষণ ভালো লাগে আমার। সবার পছন্দের সঙ্গে নিজের পছন্দের খাবারটাও রান্না করি আমি।’মেয়ে অপরাজিতা মায়ের হাতের রান্না ভীষণ পছন্দ করে। মুনমুন আহমেদ রান্না শিখেছেন তাঁর মায়ের কাছ থেকে। স্যুপটা তাঁর খুব প্রিয় বলে ওটা নিয়ে মাঝেমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালান। আবার সুজিত মোস্তাফার তৈরি থাই স্যুপটা নাকি দারুণ স্বাদের হয়।বাইরের খাবার এই দম্পতি খুব একটা পছন্দ করেন না। মুনমুন ঝটপট রান্না করতে পছন্দ করেন। সুজিত মোস্তাফার রান্না শেখা অনেকটা শখে এবং বেশির ভাগ প্রয়োজনে। দিল্লিতে পড়াশোনা করতে গিয়ে রান্নাটা বেশ ভালোভাবে রপ্ত করেন তিনি। দেশে থাকতে মা আর বোনের হাতের রান্না পছন্দ করতেন। দিল্লি গিয়ে চেষ্টা করতে করতইে রান্নাটা শিখে ফেলা হয়। আর দেশে ফিরে রান্না শিখেছেন দুজন মানুষের কাছে। একজন তাঁর একমাত্র ফুপু সাবেরা মোস্তাফা ও অন্যজন গানের ছাত্রী রাহিমা সুলতানা। দুজনই বেশ ভালো রাঁধেন। সুজিত মোস্তাফা বললেন, ‘আমি যখন দিল্লিতে ছিলাম, তখন এখনকার ভরতনাট্যম নাচের শিক্ষক আনিসুল ইসলাম হিরুও ছিল। হিরু বেশ ভালো রান্না করত। আমি বলতাম, হিরু, আমার অনেক অর্থ-সম্পদ হলে রান্নার দায়িত্বটা আমি তোমাকে দেব। শুনে হিরুর সে কী রাগ ও অভিমান। আমি যে মজা করেছি, এটা তাকে বোঝাতে পাক্কা এক মাস সময় লেগেছিল।’