রাফা সীমান্ত খোলার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আসলে একটা বড় কারাগারে বন্দী ছিলাম। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। জীবন কিছুটা সহজ হবে। গাজার বাইরের দুনিয়া দেখার সুযোগ পাবে বাচ্চারা।’ মিসর, গাজা থেকে সে দেশে যাওয়ার রাফা সীমান্ত খুলে দেওয়ার পর এটাই ছিল গাজার বাসিন্দা আলী নাহাল্লাহর প্রতিক্রিয়া। প্রায় চার বছর পর গত শনিবার এ সীমান্ত খুলে দিয়েছে মিসর। ২০০৭ সালে কট্টর ইসলামপন্থী হামাস ফিলিস্তিনি-শাসিত গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর সীমান্তটি বন্ধ করে দিয়েছিল দেশটি। ইসরায়েলও গাজার ওপর কঠোর অবরোধ বজায় রেখেছে।একেবারে ঢালাও নয়, গাজা থেকে আপাতত দিনে ৩০০ জন রাফা সীমান্ত দিয়ে মিসর ও সেখান থেকে অন্যত্র যেতে পারবেন। কিন্তু কয়েক বছর ধরে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য এটা অনেক কিছু। গাজার অনেক লোক জরুরি চিকিৎসার জন্যও বিদেশ যেতে পারছিলেন না। এ মুহূর্তে নারী, শিশু ও ৪০ বছরের বেশি বয়সী পুরুষেরাই শুধু স্বাধীনভাবে রাফা সীমান্ত পার হতে পারবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সী পুরুষকে সীমান্ত পার হতে মিসরীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আর এ সীমান্ত দিয়ে বাণিজ্য নিষিদ্ধই থাকছে। তার পরও এ শিথিলতা গাজার অর্থনীতিকে গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।রাফা সীমান্ত খুলে দেওয়ার ঘটনাটিকে বিশ্লেষকেরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। কেউ একে দেখছেন গাজার ব্যাপারে ‘মার্কিন ও ইসরায়েলি নীতির ব্যর্থতার ফল’ হিসেবে। আবার কেউ বা দেখছেন মিসরে হোসনি মোবারকের পতনের পর বর্তমান ক্ষমতাসীনদের নীতির পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। বলা হচ্ছে মোবারকের মিসর এত দিন ফিলিস্তিন বিষয়ে যুক্তরাষ্ট্রকে তুষ্ট রাখার নীতি অনুসরণ করে এলেও মোবারক-উত্তর মিসর নিজস্ব কণ্ঠস্বর খুঁজে নিতে তৎপর হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা গোপন রাখছে না তাঁরা। মিসরের এ অভিপ্রায় বিশেষভাবে স্পষ্ট হয় ইসরায়েলের ভ্রুকুটি উপেক্ষা করে ফাতাহ ও হামাসের মধ্যে ৪ মের সন্ধিতে মধ্যস্থতায়। এবারও ইসরায়েলের আপত্তিতে কান না দিয়ে সীমান্ত খুলে দিয়েছে মিসর।রাফা সীমান্ত খুলে দেওয়ার বিপক্ষে ইসরায়েলের যুক্তি, এতে গাজায় জঙ্গিদের অস্ত্র পাচার করা শুরু হবে আবার। মূলত হামাসকে দুর্বল করতে ও পরোক্ষভাবে গাজার বাসিন্দাদের মধ্যে হামাসবিরোধী মনোভাব সৃষ্টির কৌশল হিসেবে ইসরায়েল গাজার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। ইসরায়েলের কৌশল বাস্তবায়নে সহায়তা করতে মিসর বন্ধ করে দেয় রাফা সীমান্ত। গত চার বছর অনেক পণ্যসামগ্রী গাজায় ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে ছিল এমন কিছু আপাতনিরীহ জিনিস, যা থেকে বিস্ফোরক তৈরি করা সম্ভব, তেমনি ছিল কিছু নির্মাণসামগ্রী, রান্নার মসলা, এ-৪ আকারের কাগজ, নোটবুক, কলম, পেনসিল ও মাছ ধরার জালের মতো অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিস। কিন্তু এত কিছুর পরও হামাস ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা অব্যাহত রাখায় গাজা অবরোধের কৌশল দৃশ্যত গুরুত্বহীন হয়ে পড়ে। হতাশ ও ক্ষুব্ধ ইসরায়েল ২০০৯ সালের শুরুতে গাজায় হামাস দমনে অভিযান চালায়। এতে এক হাজার ২০০-র বেশি মানুষ নিহত হয়, যার অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর গত বছরের ৩১ মে নিষেধাজ্ঞা ভেঙে গাজা অভিমুখে যাওয়া মানবিক সহায়তা ত্রাণবাহী নৌবহরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। গত বছর রেডক্রস গাজায় ইসরায়েলি অবরোধকে আখ্যা দেয় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে।গাজার ওপর মিসরের অবরোধ শিথিলের পেছনে আরেকটি উদ্দেশ্য দেখছেন পর্যবেক্ষকেরা। মিসরে মোবারকের পতনের পর সামরিক বাহিনীর বিশেষ কাউন্সিল দেশ চালাচ্ছে। সেখানে শিগগির জাতীয় নির্বাচন হওয়ার কথা। শোনা যাচ্ছে সামরিক কাউন্সিলের অনেকেই নির্বাচনে অংশ নেবেন। এ জন্যই ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মিসরীয়দের ভোট টানতে এ উদ্যোগ। ইসরায়েলি বিশ্লেষকেরা একে কিছুটা ভিন্নভাবে দেখছেন। তাঁদের মতে, মিসর রাফা সীমান্ত খুলে দেওয়ার কারণে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ কমে গেল। তথ্যসূত্র: বিবিসি, টাইম সাময়িকী