রাবার ড্যাম বদলে দেবে রাজবিলার চেহারা
বান্দরবানের রাজবিলায় প্রায় পৌনে ছয় কোটি টাকা ব্যয়ে বড় আকারের রাবার ড্যাম (রাবারের বাঁধ) নির্মাণ করা হচ্ছে। এই বাঁধ নির্মিত হলে এলাকার এক ফসলি জমি তিন ফসলি জমিতে পরিণত হবে। ফলে ইউনিয়নের তিন শতাধিক কৃষক পরিবারের ভাগ্য পরিবর্তন হবে।সরেজমিনে রাজবিলা এলাকায় দেখা যায়, শ্রমিকেরা রাবার ড্যামের নির্মাণকাজ করছেন। শ্রমিক মো. শাহীন ও শরীফ আহমদ জানান, এ বছর মার্চের শেষের দিকে এ বাঁধের কাজ শুরু হয়েছে।রাবার ড্যাম নির্মাণকারী সংস্থার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা জানিয়েছেন, বাঁধ দেওয়ার পর কৃত্রিম হ্রদ সৃষ্টি হলে এলাকার পর্যটন-সম্ভাবনা বাড়বে। এ ছাড়া মাছচাষ, হাঁস-মুরগির খামারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে আরও কয়েক হাজার পরিবার অর্থনৈতিকভাবে লাভবান হবে। জানা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বিস্তীর্ণ জমি বর্ষাকাল ছাড়া বাকি সময় পানির অভাবে পতিত থাকে। ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া শীলক খাল গ্রীষ্ম মৌসুমে ভরাট হয়ে শুকিয়ে যায়। এতে তীব্র পানির সংকট দেখা দেয়। এ ছাড়া, বর্ষায় সামান্য বৃষ্টিপাতে প্লাবিত হয় এলাকা। এ অবস্থায় শীলক খালে বাঁধ দেওয়ার উদ্যোগ নিয়েছে এলজিইডি বিভাগ। মধ্যম রাজবিলাপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) অংথোয়াই উ মারমা তাঁর বিস্তীর্ণ কৃষিজমি দেখিয়ে বলেন, ‘এত জমিজমা থাকতে কেন অভাবে থাকতে হবে। সংসদ নির্বাচনের আগে রাজবিলার মানুষ তাই শীলক খালে বাঁধ নির্মাণের দাবি তুলেছিলেন।’ বেসরকারি সংস্থায় কর্মরত মং এস মারমা বলেন, ‘শীলক খালে ২০-২৫ বছর আগে একটি বাঁধ ছিল। সেটি ভেঙে যাওয়ায় এলাকার লোকজন সংকটে পড়েছে। জমিজমার মালিক হয়েও দুই বেলা ভাত জোটাতে পারছে না। বাঁধটি হলে শুধু চাষাবাদ নয় মাছ ও হাঁস-মুরগির খামারও খুব সহজে করা সম্ভব হবে। কৃত্রিম হ্রদ সৃষ্টি হলে এলাকায় পর্যটনের সম্ভাবনাও বাড়বে।’কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের রাজবিলা অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা লুলু মং মারমা জানিয়েছেন, ‘বাঁধের পানিতে প্রায় তিন শ হেক্টর এক ফসলি জমি তিন ফসলিতে পরিণত হবে। এতে এ এলাকার কৃষকদের জীবনমানের উন্নতি হবে। যাঁদের জমিজমা নেই তাঁরাও বাঁধের ফলে সৃষ্ট হ্রদ কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান করে নিতে পারবে।’ উল্লেখ্য, ৬ মে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এ বাঁধের নির্মাণকাজ উদ্বোধন করেছেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, পাঁচ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ বাঁধ পার্বত্য চট্টগ্রামের প্রথম রাবারড্যাম।