রাবার ড্যাম সংস্কার চাষাবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে কক্সবাজারের উখিয়ার পাগলিরবিল খালের রাবার ড্যামটি। ফলে আবার চাষাবাদ শুরু হয়েছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের তিন হাজার একর জমিতে।
গত ১৭ নভেম্বর রাবার ড্যামটি ফুটো হলে সংস্কারের জন্য বন্ধ রাখা হয়। শুষ্ক মৌসুমে পাহাড়ি ঝরনার পানি সংরক্ষণ করে অনাবাদি তিন হাজার একর জমিতে সেচসুবিধা দিতে ২০১০ সালে পাগলিরবিল খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাবার ড্যাম নির্মাণ করে। খরচ হয় তিন কোটি ৭০ লাখ টাকা।
এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম ছিদ্দিক বলেন, ১০ জন বিশেষজ্ঞ ফুটো ও ছিঁড়ে যাওয়া সংযোগ সংস্কার করেন। এখন চাষাবাদে কোনো সমস্যা হচ্ছে না।
ড্যামের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওবাইদুল হক চৌধুরী বলেন, রাবার ড্যামটি ফুটো হওয়ার ফলে কয়েক হাজার চাষি দিশেহারা হয়ে পড়েছিলেন। এখন রাবার ড্যামটি চালু হওয়ায় চাষিরা বিপুল উৎসাহ নিয়ে চাষাবাদ করছেন।