রাবার ড্যাম হচ্ছে ফটিকছড়ির হারুয়ালছড়িতে
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির মানুষের দীর্ঘদিনের স্বপ্নলালিত রাবার ড্যাম নির্মাণকাজ অবশেষে শুরু হচ্ছে। ২৩ নভেম্বর হারুয়ালছড়ি খালের ওপর এটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় দেড় হাজার কৃষক পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) ক্ষুদ্রকার পানিসম্পদ প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে সাত কোটি ৪৩ লাখ ৫৫২ টাকা। ৩০ মিটার দৈর্ঘ্যের ড্যামটি নির্মাণে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২০১৪ সালের ৬ মে পর্যন্ত। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘রাবার ড্যামটি নির্মাণের ফলে পার্শ্ববর্তী এলাকাসহ হারুয়ালছড়ি ইউনিয়নের অন্তত ২৫০ হেক্টর জমি বোরো আবাদের আওতায় আসবে। এ ছাড়া ড্যামটির পরিচালনা সমিতি সক্রিয় থাকলে এসব স্থানে শীতকালীন সবজি ফলনের মাধ্যমে কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হবেন।’ উপজেলার প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলোকবর হোসেন জানান, ‘প্রকল্পটি নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। এর ফলে দেড় হাজার কৃষক পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে।’ হারুয়ালছড়ি গ্রামের চাষি মো. হোসেন জানান, এটি নির্মাণের ফলে কালাইজ্যে, ধইল্যা, মউনাপুর, সুজনাপুর, বেরইন্ন্যার বিল, দক্ষিণের বিল, আমানবাজার, চৌধুরীপাড়া, বাইশ্যারহাট, পূর্ব-দক্ষিণের ফটিকছড়ি বিল, ধরপপাড়া বিলসহ আরও অনেক এলাকা বোরো চাষাবাদের আওতায় আসবে।চৌধুরী বিলের চাষি হাঁছি মিয়া বলেন, ‘ড্যামটি এলাকার জন্য আশীর্বাদ। ড্যাম হওয়ার পর এলাকার জমিগুলো এক ফসলি থেকে তিন ফসলি জমিতে রূপান্তরিত হবে। এর ফলে এলাকায় কৃষি ক্ষেত্রে বিরাট পরিবর্তন হবে।’ ড্যাম পরিচালনা সমিতির সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘এলাকার জনগণ ড্যাম স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এখন এটি যথাসময়ে বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করাই হবে প্রধান কাজ।’ ২৩ নভেম্বর ড্যামের নির্মাণকাজের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। এ সময় এলজিইডির প্রকল্প বাস্তবায়ন উপদেষ্টা আবু তাহের চৌধুরী, প্রকল্পের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রকৌশলী সানিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলোকবর হোসেন, দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ লিমিটেডের পরিচালক মো. সেলিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।