রাবার ড্যামে ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার শিলক ও পদুয়া ইউনিয়নের প্রায় পাঁচ হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে শিলক খালের ওপর নির্মিত রাবার ড্যাম প্রকল্প। প্রকল্পের আওতায় দুই ইউনিয়নের ১১ বিলের দেড় হাজার হেক্টর জমিতে ধানচাষ করছেন কৃষকেরা। মাছচাষ করেও প্রতিবছর আয় হচ্ছে লাখ টাকা।কৃষকেরা জানান, ২০০৭ সালে বোরো মৌসুমে রাবার ড্যাম প্রকল্প থেকে সেচযন্ত্রের মাধ্যমে শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা, রাজাপাড়া, ফিরিঙ্গিখীল, তেলীপাড়া, নটুয়ারটিলা, মিনাগাজী বিল ও পদুয়া ইউনিয়নের নারিশ্চা, সাপলেজা, হরিহর, পদুয়া ও ত্রিপুরা সুন্দরী বিলে পানি সরবরাহ শুরু হয়। অথচ এর আগে সেচের অভাবে এসব বিলে বোরো চাষাবাদ হতো না। অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদও ব্যাহত হতো।শিলক ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শিলক ও পদুয়া ইউনিয়নের কৃষকেরা এসব বিলে চাষাবাদের জন্য নিজ খরচে প্রতি শুষ্ক মৌসুমে মরমের মুখ নামক স্থানে শিলক খালে বাঁধ দিত। এতে অল্প পরিমাণ জমিতে স্বল্প সময়ের জন্য সেচ দিয়ে চাষাবাদ করলেও বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকে যেত। চাষ করলেও লাভের মুখ দেখত না কৃষকেরা। বৃষ্টি শুরু হলে পাহাড়ি ঢলে ওই বাঁধ কর্ণফুলী নদীতে মিশে যেত। তাই চাষাবাদের জন্য পানি সরবরাহ দেওয়ার ব্যবস্থা নেওয়ার আবেদন নিয়ে কৃষকেরা প্রতিবছর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে ধরনা দিত। উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তিন কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ২০০৫ সালের ২৬ জুন শিলক মরমের মুখ নামক স্থানে ক্ষুদ্র পানি সেচ ও উন্নয়ন প্রকল্পের অধীনে রাবার ড্যাম প্রকল্প স্থাপনের কাজ শুরু করে। যা ২০০৭ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়। নেদারল্যান্ডসের প্রযুক্তি ও ৬৫ ভাগ আর্থিক সহায়তায় স্থাপিত এ রাবার ড্যাম প্রকল্পে বাংলাদেশ সরকারের শেয়ার ১৭ ভাগ। এ ছাড়া স্থানীয় পাঁচ হাজার কৃষকের ১৮ ভাগ শেয়ার রয়েছে এ প্রকল্পে। রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মাইন উদ্দিন জানান, প্রথম বছরে রাবার ড্যাম প্রকল্প থেকে শিলক তৈলভাঙ্গা বিলের প্রায় ৯০০ হেক্টর জমিতে পানি সরবরাহ দিয়ে বোরো চাষাবাদ করা হলেও পরবর্তী বছরে এর পরিধি বেড়েছে। চলতি মৌসুমে শিলক ও পদুয়া ইউনিয়নের ১১ বিলে প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়ানো হয়েছে। রাবার ড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, রাবার ড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে কৃষকেরাই। ফলে সুষ্ঠু ব্যবস্থাপনায় বাড়ছে সেচ সুবিধার পরিধি। কমছে সেচ করও। অন্যদিকে শুষ্ক মৌসুমে প্রকল্পের বিস্তীর্ণ এলাকায় দেশীয় প্রজাতির মাছচাষ করে কৃষকেরা অতিরিক্ত লাভের সুযোগ পাচ্ছেন। পদুয়া বিলের কৃষক ফয়েজ আহমদ বলেন, ‘জমি থেকেও যখন পানির অভাবে চাষাবাদ করতে পারতাম না তখন আমরা পুরো বছর খেয়ে না খেয়ে দিন কাটাতাম। এখন রাবার ড্যাম প্রকল্পের সুবাদে পানি পাওয়ায় শুষ্ক মৌসুমে জমি পতিত থাকে না। আমনের পাশাপাশি বোরো ধানের চাষও হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, রাবার ড্যাম প্রকল্পের আওতায় পানি সেচ দিয়ে উপজেলার শিলক ও পদুয়া ইউনিয়নের প্রায় পাঁচ হাজার কৃষক ১১টি বিলে বছরে দুবার ধান চাষাবাদের পাশাপাশি সবজি উৎপাদন করছেন। উৎপাদিত ধান ও তরিতরকারি বিক্রি করে তাঁরা প্রতিবছর লাভবান হচ্ছেন। এ ছাড়া প্রকল্পে মাছচাষও কৃষকদের স্বাবলম্বী করে তুলছে।