রাবার বাগানে ধর্মঘট, উৎপাদন বন্ধ
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আড়াই হাজার রাবার চাষি ধর্মঘটের ডাক দিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তারা রাবার বাগান থেকে কষ সংগ্রহসহ বাগানের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রাবার চাষিদের সংগঠন পুনর্বাসিত পরিবার বহুমুখী কল্যাণ পরিষদ ২০১১ সালের ১৬ নভেম্বর রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি প্রদান করে সাত দফা দাবির কথা জানান। সে স্মারকলিপিতে তিন মাসের আলটিমেটাম দেওয়া হয়েছিল। আলটিমেটামের মেয়াদ গত ১৫ ফেব্রুয়ারি শেষ হয় এবং ১৬ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের ডাক দেয়। সাত দফা দাবি হলো দ্রুত ভূমি বন্দোবস্ত দিতে হবে, গ্রামে বিদ্যুৎ সংযোগ লাগবে, ছেলেমেয়েদের যোগ্যতা অনুসারে উন্নয়ন বোর্ডের চাকরি দেওয়ার ব্যবস্থা নিতে হবে, উন্নয়ন বোর্ডে নিয়োগের ক্ষেত্রে ব্যবস্থাপনা সদস্যদের পক্ষে প্রতিনিধি রাখতে হবে, রাবার বিক্রির ৬০ শতাংশ টাকা প্রতিটি গ্রাম লিডারের নামে ব্যাংক হিসাবে প্রদান করতে হবে, রাবার বাগান রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্রাম লিডার অথবা সদস্য ও সহকারী ব্যবস্থাপকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে হবে এবং রাবার টেপারের (কষ সংগ্রহকারী) বেতন উত্তোলনের ক্ষেত্রে লিডারের নামে চেক প্রদান করতে হবে। গোলাবাড়ি (আলুটিলা) ৩ নং প্রকল্প গ্রামের (যৌথখামার) প্লান্টার নেতা উগ্য মগ বলেন, ‘দীর্ঘ ২৯ বছর আমাদের ঘাম ঝরা পরিশ্রমে গড়া বাগানের রাবার দিয়ে অনেকেই এখন কোটিপতি কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।’ পুনর্বাসিত পরিবার বহুমুখী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সভ্য চাকমা বলেন, ‘আমাদের এ ধর্মঘট সমগ্র পার্বত্য জেলায় চলছে। ১৬ ফেব্রুয়ারি থেকে আমরা কোনো কাজ করছি না। সব কার্যক্রম বন্ধ রেখেছি। সংগঠনের পক্ষ থেকে জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি দেওয়ার পর উনি সমস্যা সমাধান না করে উল্টো আমাদের ডেকে নানা ধরনের হুমকি দেন। রাবার চাষিরা পরিশ্রম করে রাবার উৎপাদন করেন কিন্তু টাকা পান শতকরা ৬০ শতাংশ। এত পরিশ্রমের পরও নানা হয়রানির শিকার হন। সবার ভূমি আছে, কিন্তু কোনো বন্দোবস্তের কাগজ (কবুলিয়ত) নেই। আমরা আশঙ্কায় আছি, কখন আবার এ ভূমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।’ রাবার চাষিদের অভিযোগের ব্যাপারে কথা বলতে পার্বত্য চট্টগ্রামের ঊচু বন্দোবস্তি প্রকল্পের জেনারেল ম্যানেজার সুখময় চাকমার মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অস্ট্রেলিয়া সফরে গেছেন ৯ মার্চ দেশে ফিরবেন। অন্যান্য কর্মকর্তারা এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি।