রাবার বাগানের জমি নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের তিনটি রাবার বাগানের প্রায় ছয় হাজার একর ভূমির মালিকানা নিয়ে বনশিল্প উন্নয়ন সংস্থার (রাবার ইউনিট) সঙ্গে জেলা প্রশাসনের (ভূমি) বিরোধ চলছে। এই ভূমির দাবি নিয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান-প্রদান চলছে। উভয় পক্ষ ভূমির দাবিতে অটল রয়েছে।উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে জানা যায়, বাগান কর্তৃপক্ষ বাগানের ভূমি নিজেদের বলে দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করছে না। এই নিয়ে তাদের বার বার চিঠি দিয়েও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যাচ্ছে না। ভূমি কার্যালয়ের দাবি, বাগান কর্তৃপক্ষ প্রায় এক দশক যাবৎ সরকারি জমিতে অবৈধ দখলদারত্ব বজায় রেখে রাবার চাষ করছে। এই সময়ের জন্য সরকার তাদের কাছ থেকে পাঁচ কোটি টাকা কর আদায় করতে পারত। জানা যায়, ১৯৬৩ সালে সরকার (ভূমি বিভাগ) রাউজানের তিনটি ইউনিয়নের নামে (হলদিয়া, ডাবুয়া ও রাউজান) তিনটি পৃথক রাবার বাগান সৃষ্টি করতে ওই জমি বন বিভাগকে ৪০ বছর মেয়াদি ইজারা দিয়েছিল। গত ২০০৩ সালে শেষ হয়েছে এই চুক্তির মেয়াদ। পরবর্তী সময়ে বাগান কর্তৃপক্ষ ইজারার মেয়াদ আর নবায়ন করেনি। এরপর থেকে ভূমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।বনশিল্প উন্নয়ন সংস্থার রাবার বাগান বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাউজানের তিনটি রাবার বাগান বন বিভাগের জমিতে প্রতিষ্ঠিত। এই জমি বন বিভাগ বাগান কর্তৃপক্ষকে বহু আগেই হস্তান্তর করেছে। যদি এ বিষয়ে কোনো পক্ষের দ্বিমত থাকে তাহলে যৌথ জরিপ করে বিষয়টি সুরাহা করতে পারে। বন বিভাগের সহকারী বন সংরক্ষক মামুনুর রশিদ এ প্রসঙ্গে বলেন, রাবার বাগানের সঙ্গে বন বিভাগের এখন কোনো সংশ্লিষ্টতা নেই, বন বিভাগ বহু আগেই সরকারের কাছ থেকে চুক্তিতে নেওয়া ভূমি, বনশিল্প উন্নয়ন সংস্থাকে বুঝিয়ে দিয়েছে। রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী বলেন, গত প্রায় এক দশক যাবৎ রাবার বাগান কর্তৃপক্ষ সরকারের খাস খতিয়ানভুক্ত জমিতে রাবার চাষ করে ব্যবসা করছে। এই খাতে সরকার ভূমিকর বাবদ প্রায় পাঁচ কোটি টাকা দাবি করতে পারে। তিনি বাগান কর্তৃপক্ষের দেওয়া ভূমিজরিপ প্রস্তাব প্রসঙ্গে বলেন, এই রকম প্রস্তাব যুক্তিসংগত নয়। সরকারের নথিপত্রে বিষয়টি নিষ্পত্তি হয়ে আছে। প্রয়োজনে তারা সরকারের কাছে নতুন ইজারাচুক্তির প্রস্তাব নিয়ে আসতে পারে।