রাবারে সমৃদ্ধির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এখনো গড়ে উঠেনি সম্ভাবনাময় কোনো শিল্পপ্রতিষ্ঠান। এখানকার মানুষ গাছ ও বাঁশ আহরণের ওপরই নির্ভরশীল। তবে নতুন করে সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে এখন রাবার চাষ। সম্প্রতি সরকারের পাশাপাশি উপজেলায় ব্যক্তি উদ্যোগে বেশ কিছু রাবার বাগান গড়ে উঠেছে। রাবার চাষের মাধ্যমে সচ্ছলতার মুখও দেখেছেন অনেকে।
রাবার বাগানের মালিক ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার অর্ধশতাধিক মানুষ পরীক্ষামূলকভাবে ৪০০ একর জমিতে রাবার চাষ করেছিলেন। তাঁরা সফল হওয়ায় এলাকার অনেকেই এখন রাবার চাষে ঝুঁকেছেন। খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, মারিশ্যা ও রূপকারী ইউনিয়নে গত দুই বছরে ব্যক্তি উদ্যোগে প্রায় চার হাজার একর জমিতে রাবার চাষ হয়েছে। এসব এলাকায় দেড় লাখের বেশি রাবার চারা রোপণ করা হয়েছে। বহু বছর ধরে এসব পাহাড়ি ভূমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বর্তমানে ওই সব জমি সবুজে ঢেকে গেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলায় খেদারমারা ও বাঘাইছড়ি ইউনিয়নে এক হাজার ২০০ একর জমিতে রাবার চাষ হয়। ছয়টি ব্লকে ৪০ হাজার রাবারগাছের চারা রোপণ করা হয়। ১৯৯৩ সাল থেকে রাবার উৎপাদন শুরু হয়। বর্তমানে তিনটি ব্লকে ২০ হাজারের বেশি রাবারগাছ থেকে রাবারের কষ পাওয়া যাচ্ছে। প্রতি মাসে ১০ থেকে ১২ মেট্রিক টন রাবার বাজারজাত করা হচ্ছে। উৎপাদিত রাবারের বর্তমান বাজারমূল্য ১৮ লাখ টাকা। এসব ব্লকে ৯০টি পরিবার উপকারভোগী হিসেবে দৈনিক ২০০ টাকা করে মজুরি পাচ্ছেন।
বাড়ছে রাবার চাষ: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাঘাইছড়ি শাখার ব্যবস্থাপক জীতেন্দ্র চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আশির দশকে বাঘাইছড়িতে রাবার প্রকল্প শুরু করে। ১৯৯৩ সালে রাবার উৎপাদন শুরু হয়। রাবার প্রকল্পটি লাভজনক হওয়ায় এলাকায় বেসরকারি উদ্যোগেও রাবারবাগান গড়ে উঠছে। বাবুপাড়া গ্রামের রাবার চাষি প্রতিলাল চাকমা বলেন, ‘আমি পাঁচ বছর আগে চার একর জমিতে এক হাজার রাবার চারা রোপণ করেছি। আরও দুই বছর হলে উৎপাদন শুরু করা যাবে। আশা করছি, প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হবে। বেশি লাভ হয় বলে বাঘাইছড়িতে এখন রাবার বিপ্লব ঘটতে চলেছে।’
সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে শতাধিক লোক রাবার চাষ করেছেন। শিজক, যৌথ খামার ও চিন্তারমাছাড়া এলাকায় গত কয়েক বছর ধরে রাবার চাষ হচ্ছে। আমি নিজেই ১০ একর জমিতে রাবার চাষ করেছি।’