রাব্বী যখন গবেষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তনে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। স্বাস্থ্য খাতে এর বিরূপ প্রভাব নিয়ে দেশে ও বিদেশে নিরন্তর গবেষণা চলছে। ‘সংক্রামক ব্যাধির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক গবেষণায় সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের এক তরুণ চিকিৎসক। সিলেট অঞ্চলে বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন—টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, ডায়রিয়াজনিত রোগ ইত্যাদির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যালোচনা করেছেন ডা. ফজলে রাব্বী চৌধুরী। তাঁর এই গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘ইয়ং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড ২০১৩’। প্রতি দুই বছর অন্তর যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংক্রামক ব্যাধিসংক্রান্ত সংস্থা বিশ্বের তরুণ বিজ্ঞানীদের এই পদক প্রদান করে থাকে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট আট জন তরুণ বিজ্ঞানীকে এই পদকের জন্য নির্বাচিত করা হযেছে। ৫-৮ জুন, জাপানের ইয়োকাহামায় সংস্থাটির ২৮তম আন্তর্জাতিক কংগ্রেসে এই সম্মাননা প্রদান করা হয়।ফজলে রাব্বী ২০০৫ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালে তিনি কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেন এবং লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনের (বিসিপিএস) একজন কনিষ্ঠ মেডিসিন ফেলো। ছাত্রাবস্থা থেকেই ফজলে রাব্বী চিকিৎসা গবেষণায় যুক্ত হন। এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র থাকার সময়েই ব্রিটিশ মেডিকেল জার্নালে তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়। বিভিন্ন বিষক্রিয়ার ওপর তাঁর গবেষণা ইতিমধ্যেই দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে পটকা মাছের বিষক্রিয়ার ওপর তাঁর সাক্ষাৎকার আলজাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। এ পর্যন্ত তাঁর ৪০টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ইতিমধ্যেই যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারতসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। সংক্রামক ব্যাধি ও বিভিন্ন রকম বিষক্রিয়ার ওপর তিনি বর্তমানে গবেষণা করছেন।ফজলে রাব্বী চৌধুরীর গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার মেডিসিন হিসেবে কর্মরত আছেন।