রামগড় কৃষি গবেষণাকেন্দ্রে কাঁঠালের উন্নত জাত উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় পাহাড় অঞ্চলের কৃষি গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা কাঁঠালের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন। এটির নাম দেওয়া হয়েছে বারি কাঁঠাল-২। এ জাতের কাঁঠালগাছে ফল ধরবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। সাধারণত মৌসুমি কাঁঠাল পাওয়া যায় মে থেকে জুলাই পর্যন্ত।বিজ্ঞানীরা মনে করেন, মৌসুমি না হওয়ায় এই জাতের কাঁঠালের বাগান করে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একরপ্রতি ৪০টি গাছ লাগিয়ে ২৪ টন ফল পাওয়া যাবে। সার, মজুরি ও জমির লাগিয়তসহ একরপ্রতি খরচ হবে প্রায় এক লাখ টাকা। উৎ পাদিত কাঁঠাল বিক্রি করে পাওয়া যাবে অন্তত আট লাখ টাকা। খরচ বাদ দিয়ে লাভ হবে প্রায় সাত লাখ টাকা। কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জুলফিকার আলী জানান, ২০০৯ সাল থেকে গবেষণা করে তাঁরা কাঁঠালের নতুন জাতটি উদ্ভাবন করেছেন। জাতটি মৌসুমি নয়, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফল দেয় এ গাছ। পাহাড়ে সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত কাঁঠাল পাওয়া যায়। এ সময় বাজারে কাঁঠালের দাম খুবই কম থাকে। সে ক্ষেত্রে এ জাতের কাঁঠালের চাষ করে বেশ ভালো দাম পাওয়া যাবে। তিনি জানান, কৃষি গবেষণাকেন্দ্রের উদ্ভাবিত নতুন জাতটির বৈশিষ্ট্য হলো—এ কাঁঠালের গড় ওজন সাত কেজি। এটি খুবই সুস্বাদু। এর মিষ্টতার পরিমাণ শতকরা ২১ ভাগ, খাওয়ার যোগ্য অংশ ৬০ ভাগ এবং ভেতরের রং উজ্জ্বল হলুদ। কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী আবু নঈম জানান, পাহাড়ি অঞ্চলে যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় মৌসুমি কৃষকেরা দূরদূরান্ত থেকে কাঁঠাল পরিবহন করে এনেও যথাযথ মূল্য পান না। এ ক্ষেত্রে এ জাতের কাঁঠালের চাষ চাষিদের ভাগ্যোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। কারণ, এ সময়ে মাঝারি আকারের (পাঁচ থেকে ছয় কেজি) একটি কাঁঠাল ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। উৎ পাদন-পদ্ধতি: কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মাটি কাঁঠাল চাষের জন্য খুবই উপযোগী। সাধারণত কাঁঠালের বীজ থেকেই চারা তৈরি করা হয়। এতে গাছের মাতৃ বৈশিষ্ট্য বজায় না থাকলেও ফলনে বিশেষ তারতম্য দেখা যায় না। পাকা কাঁঠাল থেকে পুষ্ট বড় বীজ বের করে ছাই মাখিয়ে দুই থেকে তিন দিন ছায়ায় শুকিয়ে নিতে হয়। এর পর বীজতলায় বপন করলে ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা গজাবে। এক থেকে দুই মাসের মধ্যে চারা সতর্কতার সঙ্গে তুলে পলিব্যাগে রাখতে হবে এক বছর। এরপর চারা রোপণ করতে হবে মাটিতে। জাতের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখতে লাগাতে হবে গ্রাফটিং বা টিস্যু কালচারের চারা। চারা লাগানোর উপযুক্ত সময় জুন থেকে আগস্ট মাস। গাছ ও সারির দূরত্ব হবে ১০ মিটার। গাছ রোপণের ১৫ দিন আগে এক বর্গমিটার ব্যাসের গর্ত তৈরি করে ২০ কেজি গোবর, ২০০ গ্রাম টিএসপি ও ২০০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে। চারা লাগানোর এক মাস পর ইউরিয়া প্রয়োগ করতে হবে গাছপ্রতি ২০০ গ্রাম। গাছের বয়স বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবছর শতকরা ১০ ভাগ সার বাড়িয়ে দিতে হবে। একরপ্রতি গাছের সংখ্যা হবে ৪০টি এবং ফলন হবে ২৪ টন।