রামগড়ে দুদলেই বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়ে বড় দুদল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিভক্তি থেকেই গেল। একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রের নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি না হওয়ায় দুদলেই একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এতে বিভ্রান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেক সাধারণ নেতা-কর্মী। বর্তমানে আওয়ামী লীগের দুজন এবং বিএনপির পক্ষে তিন প্রার্থী নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সাংসদ এ কে এম আলীম উল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেয়েছেন। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনী লড়াইয়ে থেকে গেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও হাফছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।
এ কে এম আলীম উল্লাহর দাবি, অধিকাংশ নেতা-কর্মী তাঁর পক্ষে মাঠে রয়েছেন। নির্বাচনে তিনিই জয়লাভ করবেন।
অন্যদিকে, চাইথোয়াই চৌধুরী বলেন, ‘উপজেলায় আমার প্রায় ১৮ হাজার আদিবাসী রিজার্ভ ভোট রয়েছে। এ ছাড়া প্রচুর বাঙালি ভোটও পাব আমি।’
এদিকে মনোনয়ন না পাওয়ায় অসন্তুষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মিয়া ও তাঁর অনুসারীরা। আলীম উল্লাহকে সহযোগিতা করার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন তাঁরা।
জানতে চাইলে মো. মোস্তফা মিয়া ক্ষুব্ধ কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী মনোনয়ন সঠিক হয়নি। আলীম উল্লাহর মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা নেই। সারা বছর হাঁস পালন করেছি আমি, এখন ডিম খাবেন অন্যরা! এটা মানা যায় না।’
মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন সম্প্রতি যোগদানকারী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম। তিনি জানান, যেহেতু তিনি মনোনয়ন পাননি, তাই কারও পক্ষে কাজও করবেন না।
তিন প্রার্থী বিএনপিতে: বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঞা। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে নাগরিক পরিষদের ব্যানারে লড়াইয়ে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঞা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বিএনপির একাংশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শহিদুল ইসলাম জানান, এলাকায় তাঁর প্রচুর সমর্থক আছেন। সাংগঠনিক ভিত্তিও মজবুত। সুষ্ঠু পরিবেশ থাকলে বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি।
বেলায়েত হোসেন ভূঞাও জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁর দাবি, এলাকায় তাঁর ভালো সমর্থন রয়েছে। শহিদুল ইসলামের অনুসারী অনেকের ভোটও পাবেন বলে তিনি আশা করেন। নাগরিক পরিষদ পৌর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের মতে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চাইথোয়াই চৌধুরী ছাড়া অন্য কেউ বেলায়েত ভূঞার সঙ্গে প্রতিযোগিতায় আসবেন না।
এর বাইরে আদিবাসী নেতা উষাপ্রু মারমা ও কাজী মো. সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রামগড় নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি এখানে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৪৪ হাজার ৬০০।