রামগড়ে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইনের তোয়াক্কা না করে খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন পাহাড় থেকে অবাধে মাটি কেটে নেওয়া হচ্ছে। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে বর্ষা মৌসুমে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। পরিবেশ সুরক্ষা আন্দোলনের কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের যোগসাজশেই এলাকায় নির্বিচারে পাহাড় কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে। তাঁদের আশঙ্কা, এভাবে বেআইনি পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। সরেজমিন দেখা যায়, রামগড় পাতাছড়া ইউনিয়নের ঢাকাইয়া কলোনি (দাতারামপাড়া সড়কের মুখে) এলাকা এবং বৈদ্যটিলা জামে মসজিদসংলগ্ন দুটি পৃথক পাহাড় কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া শ্মশানটিলা, খাগড়াবিল, নজিরটিলা, বল্টুরাম, তৈচালা ও জালিয়াপাড়া এলাকার পাহাড়গুলো থেকেও ব্যাপকভাবে মাটি কাটা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এসব মাটি ইটভাটা, রাস্তা মেরামত ও পুকুর ভরাটসহ নানা কাজে ব্যবহার করা হয়। মাটি কাটা ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় তাঁদের নাম বলতে রাজি হননি স্থানীয় লোকজন। শ্মশানটিলা (হরিপদের টিলা) এলাকার বাসিন্দা মো. এনামুল হক, কেখাই মারমা কারবারী, হূদয় মারমা, রতন দে, শান্তি রঞ্জন ত্রিপুরা, নুরুল ইসলাম, পুতুল ত্রিপুরাসহ অনেকে জানান, পাহাড় কাটার ফলে তাঁদের বসতভিটা এবং ফলদ ও বনজ গাছ হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় জানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে রাস্তা সংস্কারের নামে রামগড়—জালিয়াপাড়া সড়কের ঢাকাইয়া কলোনি এলাকায় একটি টিলা খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) লোকজন কেটে ফেলছে। পাতাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দা মনিন্দ্র কিশোর ত্রিপুরা বলেন, ‘সওজের লোকজন যেভাবে পাহাড়টি কাটছেন, তাতে আগামী দিনে এখানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছি।’ ৪ এপ্রিল পাহাড় কেটে ট্রাক্টর বোঝাই করে মাটি নিয়ে যাচ্ছিলেন সওজের ট্রাক্টরচালক মো. আবদুল খালেক, আবদুল মান্নান ও এক্সকাভেটরচালক ছাইথোয়াই মারমা। জানতে চাইলে তাঁরা জানান, রাস্তা বড় করতে এসডিইর (উপসহকারী প্রকৌশলী) নির্দেশে তাঁরা পাহাড়ের মাটি কেটে নিচ্ছেন। ২ এপ্রিল এসডিই এসে পাহাড়ের কোন অংশ কাটতে হবে দেখিয়ে দিয়েছেন। সেভাবেই তাঁরা কাজ করছেন। জানতে চাইলে সওজের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ি এলাকায় জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় আমরা অনেক সময় পাহাড় বা টিলার কিছু অংশ কেটে হয়তো এদিক-ওদিক করি। কিন্তু এখানে পাহাড়টি যেভাবে কাটা হয়েছে, তা সঠিক হয়নি, আমি খবর নিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ পরিবেশ সুরক্ষা আন্দোলন খাগড়াছড়ির আহ্বায়ক প্রদীপ চৌধুরী জানান, ২০১০ সালের পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধন) অনুযায়ী পাহাড় কাটা নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। স্থানীয় প্রশাসনের দেখভালের অভাব কিংবা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগসাজসের কারণে অবৈধভাবে পাহাড় কাটা চলছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মংসাপ্রু কারবারী বলেন, ‘পাহাড় কাটার খবর আমরা শুনেছি। স্থানীয় প্রশাসনের উচিত এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, প্রশাসনের অগোচরে দুষ্ট লোকেরা অনেক সময় পাহাড় কেটে মাটি নিয়ে যায়। তবে এ ব্যাপারে খবর পেলেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন চৌধুরী বলেন, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেলেই পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করাতে পারে পুলিশ।