রামগড়ে মাদকসেবীর সংখ্যা বাড়ছে
খাগড়াছড়ির ভারত সীমান্তসংলগ্ন রামগড় উপজেলা ও এর আশপাশের গ্রামীণ পার্বত্য জনপদে স্কুল-কলেজগামী কিশোর-তরুণদের মধ্যে মাদকের ব্যবহার আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এতে অভিভাবকমহল ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সরেজমিনে ঘুরে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রামগড় সীমান্তের বিভিন্ন হাটবাজারে ফেনসিডিল, হেরোইন, গাঁজা, চোলাইমদসহ নানা ধরনের মাদকদ্রব্য অবাধে বিক্রি হয়। ভারত থেকে পাচার হয়ে আসা ফেনসিডিল, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা এবং দেশি চোলাইমদ এখানে খুবই সহজলভ্য। রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একশ্রেণীর বখাটে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন খুবই সজাগ। মাদকসেবী সন্দেহভাজন তরুণদের কর্মকাণ্ডের ওপর তীক্ষ নজর রাখা হয়েছে। মাদক পাচার ও মাদক সেবনের খবর পেলেই তাদের আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া আছে বলে তিনি এই প্রতিনিধিকে জানান। সূত্র জানায়, রামগড়ের মহামুনি, সোনাইপুল, দারোগাপাড়া, ফেনীরকুল, আনন্দপাড়া, আবাসিক এলাকা, পর্যটন এলাকা, জগন্নাথপাড়া, বল্টুরাম, গর্জনতলী, মাস্টারপাড়া, চৌধুরিপাড়া, তৈচালা, লালছড়ি, লামকুপাড়া, খাগড়াবিল, গার্ডপাড়া, বাংলাবাজার, বাগানবাজার, বাঘমারা, বড়বিল, চিকনছড়া, হেয়াকো, বালুটিলা, আমতলা, কয়লামুখ, জালিয়াপাড়া, গুঁইমারা, নাকাপা প্রভৃতি এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল বলেন, এসব এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবীদের বেশ কয়েকবার বিতাড়িত করেছি। কিন্তু কয়েক দিন পরই তারা এলাকায় ফিরে আসে। এ জন্য দরকার স্থানীয় লোকজনের সচেতনতা। মাদকের কারণে এলাকায় অন্যান্য অপরাধও বেড়ে যাচ্ছে। গত ২ সেপ্টেম্বর রামগড় পর্যটন এলাকায় কতিপয় মাদকাসক্ত তরুণ মো. রায়হান ছিদ্দিকী শাকিল (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রকে খুন করে। থানা পুলিশের তদন্তেই বেরিয়ে আসে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা নিয়মিত মাদক সেবন করত। তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. মহিন উদ্দিন প্রথম আলোকে বলেন,এই ঘটনায় আটক মো. জালাল উদ্দিন রাজু ও প্রতিবেশী কয়েকজন কিশোর তরুণের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পুলিশের পক্ষে একা মাদকবিরোধী অভিযানে সফলতা পাওয়া কঠিন। এ কাজে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনদের আন্তরিকভাবে অংশগ্রহণ খুবই জরুরী। সমপ্রতি সরেজমিনে রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পেছনের সীমানা প্রাচীরের ভেতর অসংখ্য ফেনসিডিলের খালি বোতল পড়ে রয়েছে। প্রধান শিক্ষক উত্তম খীসা জানান, মাদকাসক্তরা নেশার সিরাপ খেয়ে খালি বোতল ছুড়ে ফেলে বিদ্যালয়ের ভেতর।