অপহরণ আতঙ্কে বিভিন্ন এলাকায় রাতে নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন অনেকে
রামগড়ে সন্ত্রাসী চাঁদাবাজদের দৌরাত্ম্য
খাগড়াছড়ির রামগড় উপজেলা ও আশপাশে দুর্বৃত্তরা ব্যাপকহারে চাঁদাবাজি ও অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখানকার দুই আঞ্চলিক রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এসব অপকর্ম চলছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। সন্ত্রাসীদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার লোকজনের দাবির মুখে কিছু কিছু এলাকায় বিজিবি ও পুলিশের টহল বাড়ানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। অপহরণ আতঙ্কে বিভিন্ন এলাকায় রাতে নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন অনেকে।সম্প্রতি রামগড় ১৬ বিজিবি তৈচালা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত মাসিক সমন্বয় সভায় বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজদের দৌরাত্মের কথাটি উঠে আসে।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস চাঁদাবাজির কথা স্বীকার করে বলেন, জেলা আইন শৃঙ্খলাবিষয়ক মাসিক বৈঠকেও চাঁদবাজির প্রসঙ্গটি প্রতিবারই উঠে আসে। খুব শিগগিরই খাগড়াছড়িতে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) একটি ইউনিট দেওয়া হবে। তখন হয়তো চাঁদাবাজি অনেকটাই কমে আসবে।বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী বলেন, জুয়াড়ি ও সন্ত্রাসী চাঁদাবাজদের আটক করতে তাঁরা তৎপর রয়েছেন, প্রত্যন্ত জনপদে বিজিবি টহল জোরদার করা হয়েছে। রামগড় উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঞা বলেন, রামগড়ে চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। বিজিবির মাসিক সমন্বয় বৈঠকে প্রতিবারই চাঁদাবাজিসহ নানা বিষয়ে আলোচনা হয় কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকেই তিনি দায়ী করেন। রামগড় সদর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার ও সদস্য (মেম্বার) নবরায় ত্রিপুরা এবং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মো. আলমগীর বলেন, সন্ত্রাস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাঁরা জানান, সম্প্রতি সন্ত্রাসীরা ছেনচরিপাড়া ও কৈলাসপাড়া থেকে তিন নারীকে (নাম প্রকাশ করা হলো না) অপহরণ করে। পরে স্থানীয়ভাবে সমঝোতা করে তাঁদের ছাড়িয়ে আনা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন চীেধুরী নারী অপহরণের ঘটনা স্বীকার করেন। পাতাছড়ার বাসিন্দা মোহাম্মদ আলী ও আবদুল কাইয়ুম জানান, তাঁরা ভয়ে এলাকায় না গিয়ে উপজেলা সদরে বাসা ভাড়া নিয়েছেন। চাঁদার দাবিতে দুর্বৃত্তরা ইতিপূর্বে তাঁদের শতাধিক ফলন্ত আমগাছ কেটে ফেলে। এসব ঘটনা থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু একজন অপরাধীকেও প্রশাসনের পক্ষে আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, রামগড়ের লক্ষ্মীছড়া, পিলাকছড়া, বেলতলি, বৈদ্যপাড়া, বড়খেদা, ছোটখেদা, ছেনচরিপাড়া, গুজাপাড়া, বালুখালী, হাতিরকুম্বা, জালিয়াপাড়া, কৈলাশটিলা, লালছড়ি, বলিপাড়া, রুপাইছড়ি, তৈচাকমা, থলিবাড়ি, হাফছড়ি, বড়ইতলা, থানাচন্দ্রপাড়া, মুসলিমপাড়া, মরাকয়লাসহ প্রত্যন্ত এলাকার প্রায় সবখানে সশস্ত্র দুর্বৃত্তরা সক্রিয়। এ প্রসঙ্গে রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন প্রথম আলোকে জানান, পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ঘটছে। কিন্তু স্থানীয় লোকজন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর বেশির ভাগই পুলিশকে জানায় না।