রামগড়ে হানাদারমুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যৌথ বাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন রামগড় মহকুমা শহর ছাড়তে শুরু করে। ৮ ডিসেম্বর রামগড় ছেড়ে হানাদার বাহিনীর সব সদস্য পালিয়ে যায়। সেই থেকে প্রতিবছর ৮ ডিসেম্বর রামগড়ে হানাদারমুক্ত দিবস উদ্যাপন করা হয়।৮ ডিসেম্বর সকাল ১০টায় স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে এলাকার মুক্তিযোদ্ধা ও নাগরিকেরা বিজয় শোভাযাত্রায় অংশ নেন। বেলা ১১টায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিজয় ভাস্কর্য চত্বরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন যতীন্দ্র লাল ত্রিপুরা, মুক্তিযুদ্ধের স্থানীয় কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা ও রণবিক্রম ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মফিজুর রহমান প্রমুখ।এরপর দুপুর ১২টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল চারটায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা, মো. সালেহ আহমেদ ও কালাচাঁন দেব বর্মন যুদ্ধদিনের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, স্বাধীনতাযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে রামগড়ের মানুষ গড়ে তুলেছিলেন সংগ্রাম কমিটি। মুক্তিযুদ্ধের প্রায় শেষের দিকে ৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ ও ভারতীয় যুদ্ধবিমান থেকে রামগড়ের শত্রুঘাঁটিতে প্রবলভাবে বোমাবর্ষণ হলে পাক সেনারা পিছু হটে। ৮ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় রামগড়।