রামগড়ে ২০ হাজার গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় কয়েকটি সশস্ত্র দুর্বৃত্ত দল চারটি বনজ ও ফলদ বাগানে হামলা চালিয়ে প্রায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে তিন কোটি টাকা। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে আনসার ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।উপজেলার তৈচাকমাপাড়া এলাকায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন জিবি হর্টিকালচারেও এমন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এই বাগানের পাঁচ শতাধিক আম ও লিচুগাছ কেটে ফেলা হয়। এর আগে গত ২৪ এপ্রিল মঙ্গলবার একই এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা তিনটি বাগানের ১০ থেকে ১২ বছর বয়সী আম ও লিচুগাছসহ তিন হাজার ফলদ ও বনজ গাছ কেটে ফেলে। এসব ঘটনায় বাগানমালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সিন্দুকছড়ি অঞ্চলের সেনাসদস্য ও রামগড় থানা পুলিশ ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।সিন্দুকছড়ি অঞ্চলের সেনা কমান্ডার লে. কর্নেল আশরাফুজ্জামান ছিদ্দিকী বলেন, ‘ঘটনার পর এলাকার স্পর্শকাতর অংশে সেনা টহল জোরদার করা হয়েছে। প্রায় প্রতিদিনই সেনা সদস্যরা পালা করে এলাকায় টহল দিচ্ছেন।’ কারা এই গাছ কাটার সঙ্গে যুক্ত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খবর নিয়ে জেনেছি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীরাই বাগানের গাছ কেটেছে।’ সন্ত্রাসীদের ধরতে সেনাসদস্যরা তৎপর রয়েছে বলে তিনি জানান।ক্ষতিগ্রস্ত বাগান জেবি হর্টিকালচার লি.ও কসমিক কৃষি খামার লি. পরিদর্শন করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘পুলিশ প্রকৃত অপরাধীদের ধরার চেষ্টা করছে, তাই কিছুটা সময় লাগছে। আসামি ধরার নামে অহেতুক নিরীহ লোকজন যেন হয়রানির শিকার না হন সে দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে।কসমিক কৃষি খামার লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ইউপিডিএফের নামে কতিপয় সন্ত্রাসী তাঁদের কাছে বাৎসরিক মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কিন্তু মালিক চাঁদা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে বাগানের কয়েক হাজার গাছ কেটে ফেলে। ওই সন্ত্রাসীদের নাম ঠিকানা দিয়ে থানায় মামলা দিলেও পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছে। ফসলের জমিপিছুও তারা চাঁদা নেয়। বাঁশ ও লাকড়িবোঝাই জিপ, জ্বালানীকাঠ সংগ্রহ এবং যাত্রী পরিবহন করতে হলেও চাঁদা দিতে হয়। ইউপি সদস্য মো. জলিল মিয়া বলেন, ‘নয় হাজার টাকা চাঁদা দিয়ে গাছ, বাঁশের ব্যবসার জন্য এবার টোকেন নিয়েছি।’পানি উন্নয়ন বোর্ড (পাউবি) রামগড় কার্যালয়ের কর্মকর্তা কাজী আবদুল আজীজ বলেন, ‘কয়েক দিন আগে চাঁদার দাবিতে ইউপিডি এর সদস্যরা রামগড়ের লড়্গীছড়া ও পিলাক এলাকায় নদী সংরক্ষণকাজ বন্ধ করে দিয়েছিলেন। পরে ঠিকাদারেরা তাদের সঙ্গে সমঝোতায় এসে পুনরায় কাজ শুরু করেন।’রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (রামগড়, মাটিরাঙ্গা,মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ইউপিডিএফ এর চাঁদাবাজির ঘটনাগুলো পুরোপুরি সত্য। ইতিপূর্বে চাঁদা আদায়ের রশিদসহ তাদের পুলিশ আটক করেছে।’অভিযোগের বিষয়ে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী প্রদীপন খীসা বলেন, ‘কয়েকটি দুষ্ট চক্র সংগঠনের নাম ব্যবহার করে রামগড় এলাকায় নানা অনৈতিক কাজ করছে বলে শুনেছি। সংগঠন এ সব দুর্বৃত্তদের কখনোই আশ্রয় প্রশ্রয় দেয় না।’