রামগড়ের সব ইটভাটায় পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে ৬টি ইটভাটাকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাসের নেতৃত্বে ৭ ও ১০ জানুয়ারি উপজেলার ইটভাটাগুলোতে এই অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট তৈরির চুল্লিতে অবৈধভাবে কাঠ পোড়ানো অপরাধে রামগড়ের নুরুল ইসলাম ব্রিকস, হাজেরা ব্রিকস, নবী ব্রিকস, শহিদুল্লাহ ব্রিকস (১), শহিদুল্লাহ ব্রিকস (২) এবং ফোরস্টার ব্রিকসকে জরিমানা করা হয়।ইউএনও গোপাল চন্দ্র দাশ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে নতুন ইটভাটা তৈরিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমরা বিশেষ বিবেচনায় পুরোনো ইটভাটায় সীমিত পরিসরে ইট তৈরির অনুমতি দিয়েছি। কিন্তু আইনি শিথিলতার সুযোগে অসাধু ইটভাটার মালিকেরা পাহাড় ও ধানি জমি কেটে মাটি সংগ্রহ এবং কাঠ পোড়ানোসহ নানা অবৈধ কাজে জড়িয়ে পড়েন। তাই মাঝে মাঝে এ ধরনের অভিযানের প্রয়োজন হয়।’ পুরো ইট পোড়ানোর মৌসুমেই এ ভাবে উপজেলা প্রশাসন ইটভাটাগুলোর ওপর সক্রিয় নজরদারি করবে বলে তিনি জানান।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাতটি ইটভাটার সব কয়টিতেই কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। এ ছাড়া পাতাছড়া ইউনিয়নের দাতারাম কারবারিপাড়ায় কেকেএম ব্রিকস এবং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়ায় ফোর স্টার ব্রিকস নামের নতুন দুটি ইটভাটা পাহাড় কেটে বনের ভেতরে তৈরি করা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও গোপাল চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, ‘ফোর স্টার ব্রিকসকে গত ১০ জানুয়ারি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেকেএম ব্রিকসও আংশিক পাহাড় কেটেছে বলে আমরা জেনেছি। তাই শিগগিরই তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব।’ এদিকে গত বছরের ২৯ নভেম্বর রামগড়ে এক মতবিনিময় সভায় খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মাসুদ করিম বলেন, ‘খাগড়াছড়ি জেলার সবগুলো ইটভাটাই অবৈধ। একটিরও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো বৈধ ছাড়পত্র নেই। তাই এগুলো বন্ধ করে দেওয়া হবে।’ জেলা প্রশাসকের বক্তব্য প্রসঙ্গে রামগড় ইটভাটা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ আমরা প্রতিবছর প্রত্যেকটি ইটভাটার জন্য ভ্যাট বা মূসক (মূল্য সংযোজন কর) বাবদ দুই লাখ ৪৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিই।তারপরও শুনতে হয় আমাদের ব্যবসা অবৈধ!’