
চায়ের কাপে এখন ঝড় তুলছে নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সব প্রার্থী। ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডও এর ব্যতিক্রম নয়। ভোটারদের মন জয়ে কাউন্সিলর প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও ব্যস্ত হিসাব-নিকাশে।
এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চারজন। এর মধ্যে তিনজন আওয়ামী লীগের, একজন বিএনপি-সমর্থিত। তবে ভোটারদের চোখে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস আওয়ামী লীগ–সমর্থিত বর্তমান কাউন্সিলর আবদুস সবুর ও হালিশহর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ মো. চৌধুরীর মধ্যে।
তবে গতবার প্রতিদ্বন্দ্বিতায় থাকা আওয়ামী লীগের অপর দুই প্রার্থীও এই লড়াইয়ে যোগ দিয়েছেন। এ দুজন হলেন হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ আহমদ ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম এরশাদ উল্লাহ। এ দুজনও পাল্টে দিতে পারেন মূল প্রতিদ্বন্দ্বীদের জয়-পরাজয়ের চিত্র।
রামপুরা ওয়ার্ডের বাসিন্দা শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা এখন কিছুটা কম। তবে ওয়াসার পানি পাওয়া যায় না। এটি বড় সমস্যা। আবার মাঝে মাঝে এলাকায় চুরির ঘটনা হয়। এসব সমস্যা যে প্রার্থী সমাধানের অঙ্গীকার দিতে পারবেন তিনিই এগিয়ে থাকবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই ওয়ার্ডে ভোটার ৩৫ হাজার ৭২১ জন। পৌনে ছয় বর্গকিলোমিটার এলাকায় জনসংখ্যা প্রায় দেড় লাখের বেশি। গতবার ১০ জন প্রার্থী মিলে ভোট পেয়েছেন ১৮ হাজার ৯৭০। এর মধ্যে ৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আবদুস সবুর। তবে এবার প্রার্থী কমে দাঁড়িয়েছে চারজনে। এর মধ্যে নতুন শহীদ মো. চৌধুরী।
মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকায় আবদুস সবুর ভোটারদের কাছে যাচ্ছেন গত সাড়ে চার বছরে এলাকায় রাস্তাঘাট সংস্কার ও নালা-নর্দমা পরিষ্কার, শিক্ষা কার্যক্রম সম্প্রসারণসহ ১১ কোটি টাকার উন্নয়নকাজের চিত্র নিয়ে। বিনা বেতনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করার কথাও তুলে ধরছেন এ প্রার্থী।
আবার ভোগান্তি ছাড়াই জন্মনিবন্ধন সনদসহ নাগরিক সেবা সহজে প্রদানের কথাও ভোটারদের জানান দিচ্ছেন তিনি।
তবে জলাবদ্ধতা নিরসন ও পানিসংকট দূর করার বিষয়ে জানতে চাইলে আবদুস সবুর বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা নিয়মিত পরিষ্কারসহ কিছু কাজ করেছি। তবে এখন মূল সমস্যা ২৪ নম্বর ওয়ার্ডে উত্তর আগ্রাবাদ থেকে পানি নেমে মূলত রামপুরা ওয়ার্ডে সাময়িক জলাবদ্ধতা হয়। এ জন্য এবার ২৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করব। আর পানিসংকট নিরসনে ওয়াসার সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
বিএনপি–সমর্থিত প্রার্থী শহীদ মো. চৌধুরী এবার নতুন। তবে আওয়ামী লীগ ঘরানার প্রার্থীদের ভিড়ে বিএনপির একমাত্র প্রার্থী হওয়ায় শহীদ এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় কড়া নাড়ছেন বলে ভোটাররা মনে করছেন।
জানতে চাইলে শহীদ মো. চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা ও পানিসংকট নিয়ে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। কারণ এই দুটো সমস্যা কাউন্সিলরের পক্ষে সমাধান করা কঠিন। তবে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য দুটি অস্থায়ী ওয়ার্ড অফিস করব।’
জানা গেছে, গতবার আবদুস সবুরের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দুই প্রার্থী, যাঁরা এবারও প্রার্থী হয়েছেন। এর মধ্যে ফয়েজ আহমদ পেয়েছিলেন ৪ হাজার ৬১১ ও এস এম এরশাদ উল্লাহ ৪ হাজার ৪৬৯ ভোট।