রামু উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়ার হুমকি দিলেন কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের প্রবীণ রাজনীতিক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরীর দুই ছেলে সোহেল সরওয়ার ওরফে কাজল ও সাইমুম সরওয়ার ওরফে কমল। বড়ভাই কাজল রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আর কমল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা। দীর্ঘসময় ধরে রাজনীতি নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে আসছে প্রকাশ্য দ্বন্দ্ব, সংঘাত। সম্পতি এ দ্বন্দ্ব আরও বেড়েছে। স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মদদ দেওয়ার ব্যাপারে এক ভাই আরেক ভাইকে দোষারোপ করছেন। বড় ভাই কাজল বলছেন সন্ত্রাস আর জননিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তিনি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ত্যাগ করবেন। আর পদত্যাগের অন্যতম কারণ ছোট ভাই কমল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, নির্বাচন এলেই প্রার্থী হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে উঠেপড়ে লাগেন। দুই ভাইয়ের বিরোধ রামু উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত করে রেখেছে। এতে দলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ ( রামু-সদর) আসন থেকে অনেকের সঙ্গে এ দুই ভাইও (কাজল-কমল) মহাজোটের প্রার্থী হতে চান। কিন্তু মনোনয়ন পান ছোট ভাই কমল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ প্রকাশ্য হয় তখন। মাঠে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন। নির্বাচনে বিএনপি প্রার্থী লুত্ফুর রহমানের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন কমল। এ পরাজয়ের জন্য তিনি অনেকের সঙ্গে নিজের বড়ভাই কাজলকেও দায়ী করেন। এরপর আসে উপজেলা পরিষদ নির্বাচন। এতে কাজল প্রার্থী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। কাজলের অভিযোগ, নানা কূটকৌশল চালিয়ে ছোট ভাই কমল তাঁর জনপ্রিয়তা ঠেকাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। উপজেলা নির্বাচনের পর থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এর মধ্যে কমল সোনালী ব্যাংকের পরিচালক নির্বাচিত হন। এ সুবাদে তিনি এলাকার মানুষজনকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজলও নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। এতেও দুই ভাইয়ের মধ্যে নানা বিষয়ে দেখা দিচ্ছে বিরোধ। ৯ আগস্ট সন্ধ্যায় সোহেল সরওয়ার ওরফে কাজল কক্সবাজার প্রেসক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলন করে বললেন, সন্ত্রাস আর জননিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তিনি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ত্যাগ করবেন। আর এ পদত্যাগের অন্যতম কারণ ছোটভাই কমল। কাজল বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন থেকে তিনিসহ ১৩ জন মহাজোটের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু অদৃশ্য কারণে মনোনয়ন দেওয়া হয় আট নম্বরে থাকা ব্যক্তিকে (কমল)। কিন্তু অযোগ্য হওয়ায় তিনি বিপুল ভোটে পরাজিত হন। এ কারণে তিনি (কমল) ক্ষমতার অপব্যবহার করে আমার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার কাজে নামেন। স্থানীয় কিছু সন্ত্রাসী ও চোর-বাটপারকে দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন।’কাজলের অভিযোগ, মদ, জুয়া, ফেনসিডিল ও নারী অপহরণের বিরুদ্ধে তিনি সোচ্চার হলে প্রভাবশালীমহল তত্পর হয়ে ওঠেন। সমপ্রতি রামু চৌমুহনীতে তাঁর গাড়িতে হামলা করা হয়েছে। একটি ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে মোটা অঙ্কের টাকা খরচ করে কমল এলাকায় বিভাজন ও দলে কোন্দল সৃষ্টি করছেন। ফলে এলাকার চুরি-ডাকাতি, ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা উন্নয়ন সমম্বয় কমিটির সভায় এ ব্যাপারে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। কাজল বলেন, ‘চেয়ারম্যান হিসেবে উপজেলার মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার দায়িত্ব জনগণ আমাকে দিয়েছেন। কিন্তু দলীয় কোন্দল ও অপশক্তির কারণে তাতে আমি ব্যর্থ হচ্ছি। প্রশাসন আমার কথা শোনে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ ত্যাগ করব।’এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, যুব লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল আলম খান, নুরুল ইসলাম, নুরুল হক চৌধুরী প্রমুখ। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাইমুম সরওয়ার ওরফে কমল প্রথম আলোকে বলেন, ‘আমি সন্ত্রাসের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলাম না। রামুর জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছি। বরং তিনিই (বড় ভাই কাজল) সন্ত্রাসের সঙ্গে জড়িত। চার দিন আগেও তিনি রিভলবার হাতে রামুর চৌমুহনীতে দাঁড়িয়ে ছাত্রলীগের তিন কর্মীকে পিটিয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তিনি বিএনপি-জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ওইসব মহল থেকে টাকার বিনিময়েই তিনি আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব করছেন।’ কমলের মতে, ‘তিনি (কাজল) উপজেলা চেয়ারম্যান পদ ত্যাগ করলে রামুর মানুষ বেশি খুশি হবেন।’