রামু থানার সামনের ছাত্রলীগের গোলঘর ভেঙে দেওয়া হয়েছে
রামু প্রতিনিধিরামু থানার সামনে ছাত্রলীগের তৈরি গোলঘর গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় পুলিশের সঙ্গে ছাত্রলীগকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ছাত্রলীগ কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রলীগকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। ছাত্রলীগের দাবি, সোমবার থানার সামনে রামু থানার উপপরিদর্শক শাহনেওয়াজ বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে ছাত্রলীগকর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, ‘থানার সামনে রাস্তার পাশে ছাত্রলীগকর্মীরা একটি গোলঘর তৈরি করেন। ওই গোলঘরটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। ওই ঘরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এরপর সোমবার ওই ঘরটি ভেঙে দেওয়া হয়। এ সময় ওখান থেকে ফেনসিডিলের খালি বোতলও উদ্ধার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ মিছিল বের করে।’ বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করেন তিনি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন অভিযোগ করেন, ‘এসআই শাহনেওয়াজ জামায়াত-শিবিরের সমর্থক। কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগ মিছিল বের করে।’ কটূক্তির বিষয়টি অস্বীকার করেন এসআই শাহনেওয়াজ। তিনি বলেন, ‘গোলঘর ভেঙে দেওয়ায় তাঁরা নানা অপপ্রচার চালাচ্ছে।’