রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের দুরবস্থা
রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের চেরাংঘাটা-জাদিমুরা অংশে প্রায় তিন কিলোমিটারজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের ওপর বন বিভাগের কাউয়ারখোপ রেঞ্জ কার্যালয়সংলগ্ন সেতুর মাঝখানের বড় অংশ ভেঙে গেছে। ফলে এ সড়কে যানবাহন ও সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলাকাবাসী জানান, রামুর পূর্বাঞ্চল, শস্যভান্ডার খ্যাত গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন এবং পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির সঙ্গে সংশ্লিষ্ট এলাকার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক। ছোট বাস, চাঁদের গাড়ি (জিপ), পিক-আপ, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত চার শতাধিক যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। রেঞ্জ কার্যালয়সংলগ্ন সেতুর মাঝখানে বড় অংশ ভেঙে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ১৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চেরাংঘাটা থেকে জাদিমুরা পর্যন্ত তিন কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আর জাদিমুরা থেকে নাইক্ষ্যংছড়ি পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক ও জনপদ বিভাগ নিয়ন্ত্রণ করে। সরেজমিনে দেখা যায়, চেরাংঘাটা-জাদিমুরা এলাকায় সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্ত এবং সড়কের একপাশ ধসে পড়ায় যান চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। কাউয়ারখোপ রেঞ্জ কার্যালয়সংলগ্ন সেতুর মাঝখানের বড় অংশ ভেঙে পড়ায় এটিও খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম এবং এম আব্দুল্লাহ আল মামুন জানান, গত চারদলীয় জোট সরকারের আমলে চেরাংঘাটা থেকে জাদিমুরা পর্যন্ত তিন কিলোমিটার সড়কের কার্পেটিং করা হয়। কাজে অনিয়মের কারণে বছর যেতে না যেতেই সড়কের বেশির ভাগ কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সমপ্রতি বৃষ্টি হওয়ায় ওই গর্তে পানি জমে থাকায় চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সেতুর লোহার ওপর স্থানীয় লোকজন খড়, মাটির বস্তা এবং এলোপাতাড়ি গাছ বাঁশ দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছে। তিনি জানান, সমপ্রতি সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ সেতুর ভাঙা অংশে একটি লোহার পাত বসিয়ে দিয়েছে। তবে এসব সত্ত্বেও ঝুঁকি থেকেই গেছে। এ সড়ক দিয়ে নিয়মিত বাসে যাতায়াত করেন নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস সাত্তার। তিনি বলেন, ‘হাটটুপি-ভূতপাড়া এলাকায় পৌঁছালে গাড়ি বাঁকখালি খালে পড়ে যাওয়ার ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।’ জিপচালক কামাল হোসেন বলেন, ‘চৌমুহনী থেকে জাদিমুরা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক এতই খারাপ যে, সব সময় আতঙ্কের মধ্যে গাড়ি চালাতে হয়। রিকশার দুর্ঘটনা তো প্রায় সময় ঘটছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবুছ উদ্দিন সড়কের দুরবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, চৌমুহনী থেকে জাদিমুরা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক সংস্কারের জন্য যথাক্রমে সাত ও নয় লাখ টাকার পৃথক দুটি প্রকল্পপ্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পগুলো অনুমোদিত হয়ে এলে কাজ শুরু করা হবে।