রামু বন্ধুসভার আনন্দ আয়োজন
দিনব্যাপী নানা আয়োজনে নাইক্ষ্যংছড়িতে শেষ হলো প্রথম আলো রামু বন্ধুসভার বনভোজন ও মিলনমেলা। বন্ধুসভার সদস্য ছাড়াও তাঁদের স্বজন এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল অনুষ্ঠানস্থল। মুক্তিযোদ্ধার মুখে যুদ্ধের গল্প, বন্ধু ও অতিথিদের কবিতা আবৃত্তি, সংগীত, কথামালা ও পুরস্কার জেতার আনন্দই ছিল আলাদা। নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৩ ফেব্রুয়ারি এ আনন্দ আয়োজনে অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ, প্রবীণ শিক্ষক ফরিদ আহমদ, সাংস্কৃতিক কর্মী প্রবীর বড়ুয়া এবং তিন বীর মুক্তিযোদ্ধা—আবু আহমদ, মোজাফ্ফর আহমদ ও রমেশ বড়ুয়া। খুদে শিল্পী তপসে বড়ুয়া ছড়া পাঠ করে এ আয়োজনের সূচনা করে। শুভেচ্ছা বক্তব্য দেন রামু বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি সুনীল বড়ুয়া। আলোচনায় অংশ নেন রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি নীতিশ বড়ুয়া, আওয়ামী লীগের নেতা তসলিম ইকবাল চৌধুরী, ডা. উদয় কুমার মোহন্ত, অধ্যাপক জেবুন্নাহার চৌধুরী ও নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ছাড়াও ভালো কাজের মাধ্যমে আলোকিত সমাজ গড়ার কাজ করছে প্রথম আলো।’ নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ বলেছেন, ভালো কাজের মাধ্যমে সমাজকে বদলে দেওয়ার লক্ষ্যে সারা দেশে প্রথম আলোর হয়ে কাজ করছে বন্ধুসভা। বন্ধুসভার সভাপতি নীলোৎপল বড়ুয়া ও সহসভাপতি ঝন্টু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজনীন আক্তার। আনন্দ আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নেন, বন্ধুসভার বন্ধু সংগীত বড়ুয়া, দিবস বৈদ্য, চিক বড়ুয়াু, আবদুল্লাহ আল মাহমুদ, দেলওয়ার হোসেন, ইমন বড়ুয়া, হিমু বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, মো. ইউসূফ, সামিয়া আফরিন, সামাত আফরিন প্রমুখ।