রামু বৌদ্ধপল্লিতে হামলা: এখনো শুকায়নি ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ সেপ্টেম্বর। ফেসবুকে আপত্তিকর ছবি ট্যাগ করাকে কেন্দ্র করে হইচই। তারপর মধ্যরাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বর্বর হামলা ও অগ্নিসংযোগ। একে একে পুড়ে ছাই হলো রামুর প্রাচীন ১২টি বৌদ্ধ বিহার। পুড়ে গেল ৩২টির বেশি বৌদ্ধবসতি। চোখের পলকে ধ্বংস হলো বিহারগুলোতে সংরক্ষিত প্রায় ৫০০ বছরের ইতিহাস। তারপর হামলার ঘটনা নিয়ে শুরু হলো বিশ্বজুড়ে তোলপাড়। ‘রামু’ শব্দটি বিশ্ববাসীর কাছে পরিচিতি পেল খারাপ দৃষ্টান্ত হিসেবে। এর বিরূপ প্রভাব পড়ল পর্যটন শহর কক্সবাজারে। পর্যটকের আগমন কমে যাওয়ায় সৈকতের হোটেল-মোটেলসহ নানা ব্যবসা বাণিজ্যে নেমে আসে ধস। রামু হামলার ঘটনা গতকাল ২৯ ডিসেম্বর তিন মাস পার হলো। তিন মাসে পুলিশ ১৪টি মামলায় ৩০৯ জনকে আটক করেছে। এর মধ্যে ১৪ জনকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। কিন্তু কেউ বৌদ্ধপল্লিতে হামলার কথা স্বীকার করেননি। তাহলে কী বিশ্ব তোলপাড় করা বর্বর এই ঘটনার জন্য দায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে ? অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার বলেছেন, মামলায় অভিযুক্ত কয়েকজন আসামি আত্মগোপনে থাকায় আটক করা সম্ভব হচ্ছে না। ফলে হামলার মূল রহস্য এবং হোতাদের শনাক্ত করা যাচ্ছে না। মূল অপরাধীরা ধরা না পড়ায় হতাশ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের প্রশ্ন, চোখের সামনে যারা মন্দিরে হামলার নেতৃত্ব দিয়েছে, মিছিল-মিটিং করেছে—তারা তো এখনো ঘুরে বেড়াচ্ছে। আর নিরীহ লোকজনকে ধরে পাঠানো হচ্ছে কারাগারে। এতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর দুদিক থেকে চাপ ও ক্ষোভ বাড়ছে। বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া বলেন, ‘গৌতম বুদ্ধের গায়ে হাত তুলে যাঁরা পার পেয়ে যাচ্ছেন, তাঁরা তো যেকোনো মুহূর্তে আবার হামলা চালাতে পারেন।’ এই পরিস্থিতি নিয়ে রামুর মানুষ হতাশ, উদ্বিগ্ন। তাঁদের কথা, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ‘ভাই ভাই’ হয়ে বসবাস করতে চাই। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, আগে দেশি-বিদেশি পর্যটকেরা প্রত্ননিদর্শনগুলো দেখতে রামুতে ছুটে আসতেন। এখন আর কেউ আসছেন না। শ্রীকূল গ্রামের প্রায় ৩০০ বছরের পুরোনো ‘লালচিং’ বৌদ্ধ বিহারের ভিক্ষু ওয়েছেকা ছারা মহাথের (৮৭) জানান, ২৯ সেপ্টেম্বর রাতের হামলা তিনি ভুলতে পারছেন না। গৌতম বুদ্ধের মূর্তি, মন্দির ধংস করে কার লাভ হলো? বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন জেলা শাখার সভাপতি বঙ্কিম বড়ুয়া বলেন, আগামী বছর ৩০ সেপ্টেম্বর সম্ভবত নবনির্মিত মন্দিরে মন্দিরে পালিত হবে মধুপূর্ণিমা উৎসব। সেই উৎসবের সময় নতুন মন্দিরের ভেতরেও পোড়া মন্দিরের ক্ষত ভেসে উঠবে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ‘ফেসবুকের সামান্য একটা ছবি নিমেষেই শেষ করে দিল আমাদের কঠোর পরিশ্রমে গড়া ৫০০ বছরের ইতিহাস-ঐতিহ্য। শত চেষ্টায় কি আর সেই ঐতিহ্য ফিরে পাওয়া যাবে?’