রামু যেন এক টুকরো থাইল্যান্ড

উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় ১০০ ফুট লম্বা গৌতম বুদ্ধের সিংহশয্যা মূর্তি দেখে থমকে দাঁড়াতে হয়। স্থানীয়দের মতে, এটি এশিয়ার সবচেয়ে বড়। এর দুই কিলোমিটার দূরে অপূর্ব স্থাপত্যশৈলীতে নতুন করে নির্মিত হয়েছে কেন্দ্রীয় সীমাবিহার। কিছুটা দক্ষিণে নজরকাড়া লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহার। আশপাশে ছড়িয়ে–ছিটিয়ে আছে অসংখ্য ছোট-বড় বৌদ্ধবিহার।

সাম্প্রদায়িক হামলার পর নতুন করে গড়ে তোলা কক্সবাজারের রামুর এই রূপ টানছে পর্যটকদের। ছোট্ট এই জনপদ যেন হয়ে উঠেছে এক টুকরো থাইল্যান্ড।
গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সীমাবিহারে দেখা গেল একদল তরুণ-তরুণী নতুন বিহারের ছবি তুলছেন। অনেকে বিহারের নিচতলায় ঢুকে প্রবারণা উৎসবের জন্য তৈরি ফানুস দেখছেন। তাঁরা এসেছেন ২৭ কিলোমিটার দূরের কক্সবাজার শহর থেকে।
এক তরুণী বললেন, সাম্প্রদায়িক হামলার ধ্বংস্তূপের ওপর নতুন করে নির্মিত বিহারগুলোতে ঢুকে মুগ্ধ হতে হয়। ভীষণ সুন্দর এসব বিহারের স্থাপত্যশৈলী। তবে এখনো হামলাকারীদের শাস্তি না হওয়ায় সরকারের এই সাফল্য ম্লান হতে বসেছে।
রামুর কেন্দ্রীয় সীমাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে এসে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত নতুন বিহারগুলো উদ্বোধন করেন। এর পর থেকে রামুতে দেশি-বিদেশি পর্যটকের ঢল নামে। তবে বৌদ্ধপল্লিতে হামলার মূল হোতারা এখনো ধরা না পড়ায় পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি।
তবু নবরূপের রামুকে ঘিরে দেশি–বিদেশি পর্যটকদের উচ্ছ্বাসের কমতি নেই। জাপানের হিরোশিমা থেকে আসা পর্যটক উশোকিহু ২৩ সেপ্টেম্বর রামুর ১০০ ফুট লম্বা বুদ্ধমূর্তি দেখে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি। প্রথম আলোকে বললেন, ‘পাহাড়ের চূড়ায় এত সুন্দর পরিবেশে ১০০ ফুট লম্বা আধশোয়া বুদ্ধমূর্তি আমাদের দেশেও নেই। রামুর বৌদ্ধপল্লি ঘুরে মনে হচ্ছে নিজ দেশেই আছি।’
রামু কেন্দ্রীয় সীমাবিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সম্প্রতি জাপান থেকে ৪৫ জনের একটি দল বিহার ঘুরে গেছে। এর আগে থাইল্যান্ড থেকেও একাধিক দল রামু সফরে এসেছিল। তবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিনোদনকেন্দ্র হয়ে ওঠায় ধর্মকর্ম পালনে সমস্যা সৃষ্টি হচ্ছে।
১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তির সামনে টাঙানো হয়েছে একাধিক সাইনবোর্ড। এসবের একটিতে লেখা আছে, ‘বিহার ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কার্যকলাপ থেকে বিরত থাকুন।’
এই বিহারের অধ্যক্ষ করুণাশ্রী মহাথের বলেন, খোলা আকাশের নিচে গৌতমবুদ্ধের বিশাল মূর্তি লোকজনের দৃষ্টি কাড়ছে। লোকসমাগমও বাড়ছে। তবে অনেকে হইচই ও অশ্লীল উক্তি করেন। নিষেধ করলে গালমন্দ করেন। এতে ধর্মকর্ম করা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর থেকে যখন পর্যটন মৌসুম শুরু হবে, তখন কক্সবাজার সৈকতে ভ্রমণের পাশাপাশি এই বিহারেও প্রতিদিন কয়েক হাজার মানুষের ঢল নামবে। চারজন ভিক্ষুসহ ১৫ জনের সেবকদলের পক্ষে বিপুলসংখ্যক পর্যটককে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত বড়ুয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিলেও সীমানাপ্রাচীর না থাকায় রাতের বেলায় বিহারগুলো অরক্ষিত হয়ে পড়ে। বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে যেন সমস্যা না হয়, সে ব্যাপারে দর্শনার্থীদের জন্য নিয়ম-নীতি থাকা দরকার।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ ভুঁইয়া বলেন, বৌদ্ধবিহারের নিরাপত্তায় পুলিশ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। দর্শনার্থী এবং বখাটেদের নিয়ন্ত্রণে বিহার কর্তৃপক্ষ চাইলে পুলিশ সহযোগিতা দেবে।