রামু হাসপাতালে চিকিৎসক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও জরুরি চিকিৎসাসেবার (ইমার্জেন্সি অবেসটেটিক কেয়ার) কার্যক্রম চলছে মাত্র দুজন চিকিৎসক দিয়ে। ৩১ শয্যার এ হাসপাতালে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু থাকলেও স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ না থাকায় প্রায় এক মাস ধরে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। চিকিৎসকসংকটের কারণে প্রতিনিয়ত ঘটছে অপ্রীতিকর ঘটনা। সর্বশেষ গত ২৩ জানুয়ারি এক নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে হাসপাতাল ঘেরাও করেন এলাকাবাসী। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসকের পদ রয়েছে নয়টি। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, একজন দন্ত চিকিৎসক, দুজন চিকিৎসা কর্মকর্তা কর্মরত আছেন। বাকি পাঁচটি পদের মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদটি দুবছর ধরে শূন্য। হাসপাতালের একমাত্র স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ গত ২০ জানুয়ারি থেকে প্রশিক্ষণের জন্য দুমাসের ছুটিতে আছেন। বর্তমানে ওই পদে কোনো চিকিৎসক নেই। চিকিৎসকেরা জানান, কক্সবাজার সদর হাসপাতাল দূরে হওয়ায় রামু উপজেলা ছাড়াও ঈদগাঁও ও ভারুয়াখালীর বেশির ভাগ মানুষ এ হাসপাতালে চিকিৎসাসেবা নেন। ফলে হাসপাতালটি ৩১ শয্যার হলেও প্রতিদিন অন্তর্বিভাগে ৪০-৫০ জন আর বহির্বিভাগে প্রতিদিন সাড়ে তিন শ থেকে চার শ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। এ ছাড়াও মহাসড়কের পাশে অবস্থানের কারণে এ হাসপাতালে জরুরিসেবা কার্যক্রমও চালু আছে। মাতৃমৃত্যুর হার কমাতে ২০০৫ সাল থেকে সরকার এ হাসপাতালে জরুরি প্রসূতিসেবা চালু করে। কিন্তু চিকিৎসকসংকটের কারণে বর্তমানে এসব সেবা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মহিউদ্দিন জানান, তিনি মূলত অবশকরণ চিকিৎসক হলেও সংকটের কারণে বর্তমানে তাঁকে আরএমওর দায়িত্ব পালন করতে হচ্ছে। এ ছাড়াও জরুরি বিভাগ ও বহির্বিভাগে দায়িত্ব পালন করছেন তিনি। বহির্বিভাগে প্রতিদিন সাড়ে তিন-চার শ রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন দুজন চিকিৎসক। তা ছাড়া জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকায় এখানেও রোগীর ভিড় লেগেই থাকে। ফলে সেবার মান রক্ষা করা যাচ্ছে না। এসব কারণে ঘটছে অপ্রীতিকর ঘটনা । হাসপাতালের এক চিকিৎসক জানান, বর্তমানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় গত ২০ জানুয়ারি থেকে প্রসূতি মায়ের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। বর্তমানে সেবিকারা এ প্রকল্পের কার্যক্রম চালাচ্ছেন। ফলে হুমকির মুখে পড়েছে প্রসূতি ও গর্ভবতী মায়েদের সেবা। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, মূলত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং দুজন চিকিৎসা কর্মকর্তার সমন্বয়ে জরুরি বিভাগের কার্যক্রম চলার কথা থাকলেও হাসপাতালে সব মিলিয়ে চিকিৎসা কর্মকর্তাই আছেন দুজন। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কাজ হচ্ছে না।কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া প্রথম আলোকে জানান, রামু হাসপাতালে দুজন চিকিৎসক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।