রামু হাসপাতালে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে কর্মরত একমাত্র চিকিৎসা কর্মকর্তাকেও (মেডিকেল অফিসার) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গত অক্টোবরে একসঙ্গে তিনজন চিকিৎসককে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে পাঠানো হয়। এভাবে একের পর এক চিকিৎসক চলে যাওয়ায় চিকিৎসাসেবা ভেঙে পড়েছে হাসপাতালটিতে। উপজেলার পাঁচ লাখ মানুষের জন্য একমাত্র এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। ১৭ নভেম্বর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার) আসনের সাংসদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী। সভায় তিনি জানান, একজন চিকিৎসা কর্মকর্তা, একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চারজন কনসালটেন্ট (মেডিসিন, সার্জারি, গাইনি ও অবেদনবিদ), দুজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ও একজন ডেন্টাল চিকিৎসকসহ মোট নয়টি পদ রয়েছে। এর মধ্যে সাতজনকে পদায়ন করা হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন। বাকি চারজনের মধ্যে গত অক্টোবরে আরএমও এস্তেফছার হোসাইন, মহি উদ্দিন ও আলী হোসাইনকে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে পাঠানো হয়। এরপর দুজন জুনিয়র কনসালট্যান্ট এবং মাত্র একজন মেডিকেল অফিসার (জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন) কর্মরত ছিলেন। ২ নভেম্বর তাঁকেও কক্সবাজার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে সংযুক্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এ অবস্থায় বর্তমানে চিকিৎসক-সংকটের কারণে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে।তিনি জানান, হাসপাতালে দুজন কনসালট্যান্ট (সার্জারি ও গাইনি) থাকলেও তাঁরা মূলত বিশেষ (রেফারাল কেইস) রোগী দেখেন। আরএমও এবং দুই চিকিৎসা কর্মকর্তা বহির্বিভাগ ও জরুরি বিভাগ চালান। বর্তমানে ওই দুই কনসালট্যান্টকেও জরুরি ও বহির্বিভাগে দায়িত্ব পালন করতে হচ্ছে।অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বেশির ভাগ সময় প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। বর্তমানে প্রশাসনিক কাজ ফেলে তাঁকে জরুরি ও অন্তর্বিভাগে দায়িত্ব পালন করতে হওয়ায় প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।সভায় জানানো হয়, টেকনিশিয়ানের অভাবে এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে পড়ে আছে। ডেন্টাল ইউনিট থাকলেও ডেন্টাল কমপ্রেশার নষ্ট। দন্ত চিকিৎসকের অভাবে দন্ত ইউনিট অকার্যকর। ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে।সাংসদ লুৎফুর রহমান বলেন, উপজেলার পাঁচ লাখ মানুষের একমাত্র হাসপাতালটিতে বর্তমানে শুধু নাই নাই অবস্থা। দুই মাস পরপর বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হলেও একসঙ্গে তিনজনকে বুনিয়াদি প্রশিক্ষণে নেওয়ার বিষয়টি দুঃখজনক।সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন হয় না। সংকট দূর করতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।অন্যদের মধ্যে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মোহাম্মদ ইউছুফ, বিএনপি নেতা আহমেদুল হক চৌধুরী, আওয়ামী লীগের নেতা রতন মল্লিক, সাংবাদিক খালেদ শহীদ, মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, খন্দকার দেলোয়ার হোসেন, সমর কান্তি শর্মা, দীপ্তি পাল, ডলি বিশ্বাস, সুভাষ চন্দ্র শর্মা, মনির আহম্মদ প্রমুখ আলোচনায় অংশ নেন। এ বিষয়ে কক্সবাজার সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ চিকিৎসকদের চাকরির একটা অংশ। কিন্তু একসঙ্গে তিনজন কেন প্রশিক্ষণে, জানতে চাইলে তিনি বলেন, এটা ওপরের আদেশে হয়েছে। সংযুক্তি বদলির বিষয়টি বাতিলের চেষ্টা চলছে। এ ছাড়া সংকট দূর করতে হাসপাতালে নতুন দুজন চিকিৎসককে প্রেষণে (ডেপুটেশনে) নিয়োগ দেওয়া হচ্ছে।