কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের মধ্যে দুটি দন্ত্য ও মেডিসিনের দুই চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। তার ওপর আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ (আরএমও) জরুরি ও বহির্বিভাগে কর্মরত চারজন চিকিৎসা কর্মকর্তার মধ্যে তিনজনই চলে গেছেন দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য। এঁদের একজন ডা. আলী হোসাইন নিয়মানুযায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ছাড়পত্রও নেননি বলে জানা গেছে।জরুরি ও বহির্বিভাগের চারজনের মধ্যে একসঙ্গে তিনজন চিকিৎসক না থাকায় হাসপাতালে প্রায় এক মাস ধরে অভ্যন্তরীণ, জরুরি, বহির্বিভাগ ও ইওসিসহ (ইমার্জেন্সি অবসটেটিক কেয়ার) বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। গত কয়েক দিনে একাধিকবার হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি ও বহির্বিভাগে ২৫০-৩০০ রোগী লাইনে দাঁড়িয়ে আছেন চিকিৎসা নেওয়ার জন্য। জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় রোগী দেখছেন চিকিৎসা সহকারীরা। বহির্বিভাগের ২ নম্বর কক্ষে গাইনি কনসালট্যান্ট খায়রুনেসা এবং ৪ নম্বর কক্ষে চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিনকে রোগী দেখতে দেখা যায়। চিকিৎসা সহকারী মো. মুসা জানান, প্রতিদিন জরুরি বিভাগে ৩০-৪০ জন ছাড়াও বহির্বিভাগের ৭০-৮০ জন রোগীও তাঁকে দেখতে হয়।চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন জানান, কক্সবাজার সদর হাসপাতালের অবস্থান দূরে হওয়ায় কক্সবাজারের ঈদগাঁও ও ভারুয়াখালীর বেশির ভাগ মানুষ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাই ৩১ শয্যার এই হাসপাতালে প্রতিদিন অভ্যন্তরীণ বিভাগে ৪০-৫০ জন আর বহির্বিভাগে প্রায় সাড়ে চার শ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। মহাসড়কের পাশে হওয়ায় এখানে ইমার্জেন্সি অবসটেটিক কেয়ার (ইওসি) কার্যক্রমও চালু আছে।বর্তমানে চিকিৎসক সংকটের কারণে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দায়িত্ব তোফায়েল উদ্দিনকে পালন করতে হচ্ছে। তবে তিনি দাবি করেন, তাঁর কষ্ট হলেও রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন।হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, হাসপাতালে দুজন কনসালট্যান্ট কর্মরত থাকলেও তাঁরা মূলত বিশেষ বিশেষ (রেফারাল কেইস) রোগী দেখেন। মূলত আরএমওসহ চারজন চিকিৎসা কর্মকর্তা বহির্বিভাগ ও জরুরি বিভাগ চালান। এঁদের মধ্যে গত ১৬ অক্টোবর আরএমও এস্তেফছার ও মহিউদ্দিন এবং ১৮ অক্টোবর আলী হোসাইন দুই মাসের বুনিয়াদী প্রশিক্ষণে চলে গেছেন। এর মধ্যে আলী হোসাইন যাওয়ার সময় কর্তৃপক্ষের ছাড়পত্রও নেননি। তিনি বলেন, চিকিৎসক সংকটের কারণে বর্তমানে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশাসনিক কাজ ফেলে আমাকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এভাবে হাসপাতাল অচল করে একটি হাসপাতাল থেকে একসঙ্গে তিনজনকে প্রশিক্ষণে পাঠানোর বিষয়টি বোধগম্য নয় বলে মন্তব্য করেন রতন চৌধুরী।মুঠোফোনে জানতে চাইলে ছাড়পত্র না নিয়ে প্রশিক্ষণে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন ডা. আলী হোসাইন। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের আদেশে তিনি প্রশিক্ষণে গিয়েছেন। বিষয়টি সিভিল সার্জন জানেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চারজন কনসালট্যান্ট (মেডিসিন, সার্জারি, গাইনি ও অবেদনবিদ), দুইজন চিকিৎসা কর্মকর্তা ও একজন ডেন্টাল সার্জনসহ মোট নয়টি পদ রয়েছে। এদের মধ্যে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সার্জারি, গাইনি কনসালট্যান্ট ও একজন আরএমও কর্মরত আছেন। যোগাযোগ করা হলে কক্সবাজার সির্ভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, তিন চিকিৎসক প্রশিক্ষণে যাওয়ার বিষয়টি তাঁকে জানানো হয়েছে। সংকট দূর করার লক্ষ্যে হাসপাতালে নতুন দুইজন চিকিৎসক দেওয়া হয়েছে। শিগগির তাঁরা যোগদান করবেন।