কক্সবাজারের রামুকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী। ৮ মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন ও রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।