খেত থেকে আলু সংগ্রহ শেষের দিকে। ফলনও ভালো। তার পরও চাষিদের মধ্যে হতাশা। কারণ আলুর দাম কমে গেছে। অন্যদিকে, সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। ফলে রামুর সহস্রাধিক আলুচাষি পুঁজি হারানোর আশঙ্কা করছেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা চার শ হেক্টর হলেও চাষ হয়েছে সাড়ে চার শ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি ১৪ থেকে ১৬ মণ আলু উৎ পাদিত হয়েছে। ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া, হাইটুপী, ভূতপাড়া, খেনচর ঘোনা, লম্বরীপাড়া, খোন্দকারপাড়া, লামারপাড়া, অফিসের চর, কাউয়ারখোপের উখিয়ার ঘোনা, লট উখিয়ার ঘোনা, জাদিপাড়া, লামারপাড়া, মনিরঝিল, খুনিয়াপালংয়ের ধেছুয়াপালং, গোয়ালিয়াপালং, দারিয়ারদীঘি, কালুর দোকান, গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল, মাঝিরাকাটা, জুমছড়িসহ উপজেলার ১১ ইউনিয়নের কৃষি জমি ও বাঁকখালী নদীর চরে এ বছর আলুর চাষ হয়েছে। হাইটুপীর আলুচাষি শফি আলম জানান, এ বছর এক কানি জমিতে তিনি আলু চাষ করেন। খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ফলন পেয়েছেন ২৫ মণ। তিনি জানান, বর্তমানে বাজারে আলু বেচা-কেনা হচ্ছে কেজিপ্রতি আট থেকে ১০ টাকায়। তাই খরচও উঠে আসবে না। মধ্যম মেরংলোয়া গ্রামের শাহাব মিয়া বলেন, তিন কানি জমিতে এ বছর চাষ করেছি। গত বছর কানিপ্রতি ৪৫-৫০ মণ ফলন হলেও এ বছর হয়েছে ২৫-৩০ মণ। বর্তমানে বাজারদর খুব কম হওয়ায় এবং সংরক্ষণের জন্য কোনো হিমাগার না থাকায় লোকসান গুনতে হবে।পূর্ব মেরংলোয়া গ্রামের আলুচাষি আবু বকর এ বছর পাঁচ কানি জমিতে আলু চাষ করেন। গত বছরও কানিপ্রতি প্রায় ৫০ মণ আলু পান তিনি। এ বছর একই রকম ফলন পাবেন বলে আশা করছেন। ভূতপাড়ার আবুল হাশেম (৪০), পূর্ব মেরংলোয়ার কলিম উল্লাহ (২৮), আবদুস সালাম (৫০), গুরা পুতু, আলী আহাম্মদসহ বেশ কিছু আলুচাষি জানালেন, আলু ও বীজ সংরক্ষণের জন্য রামু এমনকি কক্সবাজার জেলায়ও কোনো হিমাগার নেই। তাই চাষিরা চাইলেও আলু সংরক্ষণ করতে না পারায় পানির দরেই আলু বেচে দিতে হচ্ছে। লোকসান গোনার পাশাপাশি বেশির ভাগ কৃষক পুঁজি হারানোর ভয়ে দিশেহারা। তাঁরা আরও জানান, কক্সবাজারের কোথাও হিমাগার না থাকায় কিছু কিছু আলুচাষি প্রায় ৮০ কিলোমিটার দূরে চট্টগ্রামের লোহাগাড়ায় গিয়ে হিমাগারে আলু ও বীজ সংরক্ষণ করেন। কিন্তু ওখানে নিতে বস্তাপ্রতি তিন শ টাকা খরচ পড়ে। এদিকে কৃষি বিভাগের তথ্য ও মাঠের চিত্রে মিল নেই। চাষিরা জানান, কানিপ্রতি ২৫-৩০ মণ আলু উৎ পাদিত হচ্ছে। আর রামু কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন দাবি করেন কানি প্রতি ৬০-৮০ মণ ফলন হয়েছে। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এমওপি (পটাশ) সারের দাম কম হওয়ায় এ বছর চাষিরা বেশি সার ব্যবহার করেন। তাই ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আলুখেতে এ বছর পোকা-মাকড়ের সংক্রমণ কম হয়েছে। তা ছাড়া নন-ইউরিয়া সারের দাম কম এবং প্রয়োজন মতো সরবরাহ থাকায় এ বছর আলু চাষ বেড়েছে। তবে বাজারে দাম কম হওয়ায় চাষিরা একটু বেকায়দায় পড়েছেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ধান এবং শাকসবজির জন্য উর্বর স্থান হয়েও রামুতে কোনো হিমাগার নেই। ফলে এত কষ্টে চাষ করেও চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না। তিনি আরও বলেন, সরকারি উদ্যোগে হিমাগার করার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি বেসরকারিভাবে কেউ হিমাগার করতে চাইলে সহযোগিতা দেওয়া হবে।