রামুতে ইটভাটার অনুমতিপত্র বাতিলের সুপারিশ, প্রশাসন নীরব
২০০৮ সালের ৪ মার্চ উপজেলা প্রশাসন, বন বিভাগ ও বিডিআর অভিযান চালিয়ে রামুর সাতঘরিয়াপাড়ার মোজাফ্ফর আহাম্মদের ইটভাটা (এইচএস) থেকে পাঁচ হাজার ৫৩২ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করে। প্রশাসনের নির্দেশে অগ্নিনির্বাপণকেন্দ্রের সদস্যরা পানি ঢেলে দেন ভাটায়। ২৩ মার্চ ভ্রাম্যমাণ আদালত ওই ভাটা থেকে আবারও উদ্ধার করে বিপুল কাঠ। কাঠ পোড়ানোর অভিযোগে ২০০৮ সালের ৯ মার্চ কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অবনী ভূষণ ঠাকুর অনুমতিপত্র (লাইসেন্স) বাতিলের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান। জেলা প্রশাসক প্রতিবেদন চান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। তত্কালীন ইউএনও মহীউদ্দিন আল ফারুক (বর্তমানে চট্টগ্রাম বন্দরে কর্মরত) গত বছরের ১৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ওই ভাটার অনুমতিপত্র বাতিল করা হয়নি।অবৈধ কাঠ পোড়ানোর পরও ভাটামালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ও বন বিভাগ। বর্তমানে উপজেলার ২৯টি ইটভাটায় প্রতি বছর প্রায় ২৬ লাখ মণ কাঠ পোড়ানো হচ্ছে বলে জানা গেছে। এসব কাঠের জোগান দিতে বনদস্যুরা সংরক্ষিত ও সামাজিক বনায়নের চারাগাছ কাটছে। অবশ্য উপজেলা প্রশাসন ও বন বিভাগ গত দুই মাসে ইটভাটাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছে।সরেজমিনে জানা গেছে, ফতেখাঁরকুল সদর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া, মেরংলোয়া, পশ্চিম মেরংলোয়া, লম্বরীপাড়া, বাইপাস ও তেচ্ছিপুল এলাকায় ১৪টি, চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার, দক্ষিণ চাকমারকুল, ফারিকুল এলাকায় ১২টি, খুনিয়াপালংয়ে তিনটি, জোয়ারিয়ানালার উত্তর মিঠাছড়িতে একটি, রশিদনগরের পানির ছড়ায় একটিসহ ৩১টি ইটভাটা আছে। বর্তমানে ২৯টিতে ইট তৈরি হচ্ছে। বন বিভাগের রামু বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল হক মোল্লা কাঠ পোড়ানোর কথা স্বীকার করে বলেন, ‘১৫ ভাটামালিকের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়েছে।’ কক্সবাজার উত্তর সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘যেসব ভাটা থেকে কাঠ উদ্ধার হয়েছে সেসব ভাটার বিরুদ্ধে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে ইটভাটার কয়েকজন শ্রমিক জানান, একটি ভাটায় গড়ে প্রতিদিন ৫০০-৭০০ মণ কাঠ পোড়ানো হয়। দিনে ৫০০ মণ ধরলেও প্রতি ভাটায় মাসে কাঠ লাগে ১৫ হাজার মণ। নভেম্বর-মে পর্যন্ত ছয় মাসে ২৯ ভাটায় পোড়ানো হয় ২৬ লাখ ১০ হাজার মণ।কাঠুরিয়ারা জানান, বনে এখন পরিপক্ব গাছ নেই। তাই কাটা হচ্ছে সামাজিক বনায়নের চারাগাছ। বেশির ভাগ কাঠ নাইক্ষ্যংছড়ি, লামা আলীকদমের বন থেকে কাটা হচ্ছে।অভিযোগ রয়েছে, ভাটামালিকেরা জেলা প্রশাসনের কিছু কর্মচারীকে বশ (ম্যানেজ) করে বার বার পার পেয়ে যায়। অনেক সময় উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হলেও কর্মচারীরা সুকৌশলে তা ফাইল চাপা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘লাইসেন্স দেওয়া ও তা বাতিলের ক্ষমতা জেলা প্রশাসকের হাতে। আমি তাঁর প্রতিনিধি হিসেবে মাঝেমধ্যে ইটভাটা পরিদর্শন করি।’ কাঠ পোড়ানোর কথা স্বীকার করে তিনি বলেন, ‘কিছু দিন আগে ভ্রাম্যমাণ আদালত দুটি ভাটা থেকে এক হাজার ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করে।’ এ ব্যাপারে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, লাইসেন্স বাতিলের সুপারিশের ব্যাপারটি তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। ইটভাটা ও তামাকচুল্লিতে কাঠ পোড়ানোর কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেন তিনি।