রামুতে উচ্চাঙ্গসংগীতের আসর
সবাই উচ্চাঙ্গসংগীতের সমঝদার নন। বিশেষ এক শ্রেণীর বোদ্ধা মানুষ উচ্চাঙ্গসংগীতের রস গ্রহণ করতে পারে—প্রচলিত এই ধারণা যে সঠিক নয় মিলনায়তন ভর্তি মানুষজন যেন সে কথাই প্রমাণ করলেন। ১৬ জানুয়ারি রামুর খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উচ্চাঙ্গসংগীতের আসর উপভোগ করেছেন সব শ্রেণী-পেশার মানুষ। সুরের মায়াজালই ঘুচিয়ে দিয়েছে দর্শক আর শিল্পীদের সব দূরত্ব। সুকুমার ও ললিতকলা পীঠ ‘নন্দন’ এ আয়োজন উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. সাইদুল হক।স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রযোজনা অধিকর্তা রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন। নন্দনের শিক্ষার্থীদের রাগ ইমন পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উচ্চাঙ্গসংগীতের আসর। এরপর আব্দুস শুক্কুর রাগ ভূপালী ও ফারুক আহাম্মদ রাগ বাগেশ্রী শুনিয়ে মুগ্ধ করেন দর্শককে। ভিন্ন আমেজ ছিল তপন চক্রবর্তীর তবলাবাদনে। তিনি রূপক তাল লহরা বাজিয়ে মিটিয়েছেন দর্শক ক্ষুধা। শেষে এস্রাজে পুরিয়া ধানেশ্রী রাগ বাজিয়ে শোনান শিল্পী অশোক সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানসী বড়ুয়া।