গত ২৯ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের ‘প্রবারণা পূর্ণিমা’ দেশের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়। কিন্তু ব্যতিক্রম ছিল কক্সবাজারের রামু উপজেলা। এখানে উৎসবের বদলে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে জানিয়েছেন প্রতিবাদ। শাস্তি দাবি করেছেন এক মাস আগে (২৯ সেপ্টেম্বর রাতে) ঘটে যাওয়া বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের। বৌদ্ধপল্লির বাসিন্দারা জানান, প্রবারণা পূর্ণিমার দিনে তাঁরা আকাশে ফানুস ওড়াননি। বাঁকখালী নদীতে ভাসানো হয়নি ‘স্বর্গের জাহাজ’। মন্দিরে হামলার প্রতিবাদে তাঁরা ওই দিন প্রধান সড়কে শোভাযাত্রা, মানববন্ধন আর মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেছেন। শোভাযাত্রা ও মানববন্ধনে মন্দিরের ভিক্ষুসহ ১৪টি গ্রামের কয়েক হাজার বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া বলেন, ‘প্রবারণা পূর্ণিমায় আমরা নদীতে “স্বর্গের জাহাজ” ভাসানো উৎসব পালন করে থাকি। শত বছর ধরে দেশের একমাত্র এই রামুতেই জাহাজ ভাসানো উৎসবটি হয়ে আসছে। কিন্তু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মনোবল ভেঙে গেছে বলে উৎসবটি এবার প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয়েছে। এ কারণে অন্ধকার আকাশে আলো ছড়ানোর সেই ঐতিহ্যবাহী ফানুসও ওড়ানো সম্ভব হয়নি। আমরা আর সংঘাত নয়, শান্তিতে বসবাস করতে চাই। নিরাপদে থাকতে চাই।’রামুর কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, প্রবীণ ধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো বলেন, ‘এক মাস আগে রামুর হাজার বছরের বৌদ্ধ কৃষ্টি-ঐতিহ্যগুলো পুড়ে ফেলা হয়েছে। বৌদ্ধ ধর্মে অহিংসার কথা বলা হয়েছে। কিন্তু এই অহিংস ধর্মকে পদদলিত করে আমরা পাপ করেছি। এই পাপ থেকে শুদ্ধ হওয়ার জন্য চলবে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব।’ মন্দিরের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ‘প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা মন্দিরে মোমবাতি প্রজ্বালন করেছি। জাহাজ ভাসানো উৎসব অথবা ফানুস ওড়ানোর মতো আকর্ষণীয় অনুষ্ঠান করতে সতেজ মনের দরকার হয়। বৌদ্ধদের মনমানসিকতা ঠিক নেই বলে গত ৩০ সেপ্টেম্বর মধুপূর্ণিমা, ৭ অক্টোবর অষ্টমী পূজা, ১৫ অক্টোবর অমাবস্যা পূজাও করা হয়নি।এদিকে রামুর বৌদ্ধপল্লির বিষাদের ছায়া পড়েছে রাখাইন সম্প্রদায়ের লোকজনের মধ্যেও। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি মং ছেন হ্লা বলেন, গত বছর শহরের টেকপাড়া, বার্মিজ মার্কেট, ঘোনারপাড়া, বৌদ্ধমন্দির সড়কসহ জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন স্থানে ব্যাপক উৎসাহ নিয়ে প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছিল। কিন্তু এবার ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়া তেমন কিছু হয়নি। তবে কয়েকটি রাখাইনপল্লিতে ফানুস ওড়ানো হয়েছে।