রামুতে এক রাতে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকায় গত ২৮ সেপ্টেম্বর চার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় গৃহকর্তা ছমি উদ্দিন (৫৪) গুলিবিদ্ধ হন। এ ছাড়া ডাকাতদের প্রহারে নুর মোহাম্মদ (২৫), নবী হোছেন (২৩) ও শামসুন্নাহার (৩৫) নামের তিনজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছমি উদ্দিন ও নবী হোছেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাকাতদল ১০ ভরি স্বর্ণালংকার, টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আড়াইটায় মুখোশধারী সশস্ত্র ১৫-২০ জনের ডাকাতদল প্রথমে হাসনাকাটা গ্রামের ছৈয়দ আলমের বাড়িতে ঢোকে। প্রায় আধা ঘণ্টা এ বাড়িতে লুটপাট চালিয়ে পর্যায়ক্রমে ডাকাতদল পাশের শামসুল আলম, নবী হোছন ও ছমি উদ্দিনের বাড়ির মালামাল লুট করে। এ সময় একজনকে ছমি উদ্দিন ধরার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছমি উদ্দিনের হাতে গুলি লাগে। পরে তাঁর শরীরের বিভিন্ন অংশে পাঁচটি কোপ দেয় ডাকাতেরা।ঈদগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, ‘ডাকাতির খবর স্থানীয় মসজিদের মাইকে প্রচার করলে গ্রামবাসী এগিয়ে আসেন। ততক্ষণে ডাকাতেরা পালিয়ে যায়। বর্তমানে ইউনিয়নে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। গুলিবিদ্ধ ছমি উদ্দিন ও নবী হোছেনের অবস্থা আশঙ্কাজনক।’ তিনি ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদারের দাবি জানান।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনায় আহত ছমি উদ্দিনের ভাই মনজুর আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।’