রামুতে এক্স-রে যন্ত্র তালাবদ্ধ ১৪ মাস
লোকবল (টেকনেশিয়ান) না থাকায় ১৪ মাস ধরে তালাবদ্ধ কক্ষে পড়ে আছে রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের (কমপ্লেক্স) এক্স-রে যন্ত্রটি। ফলে এক্স-রে করাতে রোগীদের যেতে হচ্ছে বাইরের রোগনিরূপণকেন্দ্রে। এদিকে, দীর্ঘদিন পড়ে থাকায় যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন হাসপাতালের চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৮ এপ্রিল এ হাসপাতালের জন্য ৩০০ এমএম ক্ষমতার এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় সরকার। প্রায় দুই বছর বাক্সবন্দী থাকার পর ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি এটি হাসপাতালের একটি কক্ষে স্থাপন করা হয়। স্থাপনের বছরখানেকের মধ্যে হাসপাতালের একমাত্র টেকনেশিয়ান (এক্স-রে) বদলি হলে এক্স-রে সেবা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে চকরিয়া উপজেলা হাসপাতালের একজন টেকনেশিয়ানকে প্রেষণে (ডেপুটেশন) রামুতে দেওয়া হলে ২০০৯ সালের ২৭ অক্টোবর তিনিও চলে যান। সেই থেকে প্রায় ১৪ মাস এক্স-রে যন্ত্রটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একজন টেকনেশিয়ানের অভাবে ১৫ লাখ টাকার একটি যন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, আবার একই কারণে অসংখ্য রোগীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান। স্থানীয় লোকজন জানান, এ হাসপাতালটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এক্স-রে সেবার বেশি প্রয়োজন পড়ে দুর্ঘটনাকবলিত বা আঘাত পাওয়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। এঁদের বাইর থেকে এক্স-রে করিয়ে পাহাড়ের ওপর হাসপাতালে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, দীর্ঘদিন অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় এক্স-রে যন্ত্রে ত্রুটি দেখা দিতে পারে। এমনকি এটি নষ্ট হওয়ারও আশঙ্কা আছে।রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, শুধু টেকনেশিয়ানের অভাবে এক্স-রে সেবা বন্ধ আছে। টেকনেশিয়ান দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকার আবেদন করা হয়েছে।