রামুতে জমেনি ঈদবাজার ব্যবসায়ীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় সম্প্রতি দুই দফা বন্যার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেননি স্বল্প আয়ের মানুষ। তার ওপর আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ। এর প্রভাব পড়েছে ঈদের বাজারেও। আর্থিক দৈন্যের কারণে কেনাকাটা করতে না পারায় স্বল্প আয়ের অনেক পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। ঈদ ঘনিয়ে এলেও রামুতে এখনো জমে ওঠেনি ঈদের বেচাকেনা। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর কিছু কিছু লোকজন কেনাকাটায় বেরুলেও স্বল্প আয়ের মানুষের উপস্থিতি একেবারেই কম। গত রোববার-সোমবার রামু চৌমুহনী স্টেশনের স্কুল মার্কেট, রাহাত প্লাজা, এন ইসলাম প্লাজা, তাহের প্লাজা, আওনাত শপিং সেন্টার, হাজি কমপ্লেক্স, এসআর সুপার মার্কেট, কেএ নিউ মার্কেট, সরওয়ার প্লাজা, বাইপাস এলাকায় সম্প্রতি চালু হওয়া শাহ মজিদিয়া শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ব্যবসায়ী-বিক্রেতারা জানান, বেচাকেনা অন্য বছরের তুলনায় খুবই কম। চৌমুহনী স্টেশনের রাহাত প্লাজায় ‘সুইসুতো’র শো রুমে নারী-পুরুষ ও শিশুদের পোশাকের সমাহার প্রায় সময় চোখে পড়ে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম বি সাত্তার রিজভী জানান, অন্যান্য বছর রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে কেনাকাটা বেশ জমে উঠত। কিন্তু এবারে চতুর্থ সপ্তাহে এসেও অবস্থা তেমন ভালো নয়। একই বিপণিকেন্দ্রের শো-রুম লুক লাইক সমাদৃত ছেলেদের রুচিশীল পোশাকের জন্য। প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুকও জানালেন বেচাকেনা আশানুরূপ নয়। তবে শিশুদের পোশাক চলছে মোটামুটি।ঈদের কেনাকাটায় এ বছর নতুন মাত্রা যোগ করেছে বাইপাস (বিকল্প সড়ক) এলাকায় সদ্য চালু হওয়া শাহ মজিদিয়া শপিং কমপ্লেক্স। এ কমপ্লেক্সের শতাধিক দোকানের বেশির ভাগই কাপড়ের। এ ছাড়াও আছে প্রসাধনী, বিউটি পারলার, রেস্টুরেন্ট, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান। ঈদ উপলক্ষে ক্রেতা টানতে লাকি কুপন, আলোক সজ্জাসহ নানা আয়োজন সত্ত্বেও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। কম্প্লেক্সের রম্য ফ্যাশনের মালিক শিপন বড়ুয়া জানান, নতুন হিসেবে সব দোকানেরই সংগ্রহ ভালো। কিন্তু আশানুরূপ ক্রেতা নেই। তিনি জানান, দুই দফা বন্যায় এখনো মানুষ ঘুরে দাঁড়াতে পারেননি। তার ওপর আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ। ফলে প্রায় সব দোকানেই বেচাকেনা কম। স্কুল মার্কেটের আলিফ বস্ত্র বিতানের জসিম উদ্দিনের ধারণা একবারে শেষের দিকে বেচাকেনা কিছুটা বাড়তে পারে। একই মার্কেটের আল নোমান স্টোরের মালিক মোরশেদুল আলম জানান, দোকানে ধীরে ধীরে ভিড় বাড়লেও দাম শুনেই বেশির ভাগ ক্রেতা মুখ ফিরিয়ে নিচ্ছেন।ঈদের কেনাকাটা করতে আসা মাদ্রাসাছাত্রী জান্নাতুল বকেয়া বলেন, ‘এ বছর রামুতে দোকান বেড়েছে। তবুও দাম আগের চেয়ে অনেক বেশি।’ একই রকম মন্তব্য করেন গৃহবধূ শারমিন। রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মো. ফেরদৌস ও সাধারণ সম্পাদক সজল বড়ুয়া জানান, বন্যা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ পরিবারের লোকজন কেনাকাটায় নামছেন না। অন্যদিকে একটু স্বাবলম্বীরা কেনাকাটার জন্য চলে যাচ্ছেন কক্সবাজার শহরে।