রামুতে ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন

কক্সবাজারের রামুতে ১০ নভেম্বর শুরু হয়েছে ট্রাস্ট ব্যাংকের কার্যক্রম। ওই দিন দুপুরে ফিতা ও কেক কেটে ব্যাংকের শাখা উদ্বোধন করেন রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ব্যাংকটির এই শাখার অবস্থান রামু চৌমুহনীর জাহেদ শপিং কমপ্লেক্সে।
প্রধান অতিথির বক্তব্যে আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কক্সবাজার জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। রামুতে চার লেনের সড়ক, রেলস্টেশনসহ নানা অবকাঠামো নির্মিত হবে। গড়ে উঠবে ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা। এতে ট্রাস্ট ব্যাংক ভূমিকা রাখবে।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড রামু শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে রাজারকূলস্থ রামু সেনানিবাসে ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ ও টি লবি উদ্বোধন করা হয়।