রামুতে ধানি জমিতে বিনোদন পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় ২২০ একর তিন ফসলি ধানি জমিতে ইন্টারন্যাশনাল অ্যামিউজম্যান্ট ক্লাব নামে বিনোদন পার্ক ও ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকার একটি প্রভাবশালী চক্র কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে বিপুল পরিমাণ নিচু জমি ভরাট করে ক্লাবের জন্য পাকা স্থাপনা তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে ওই এলাকার ১০ হাজার একরের বেশি ফসলি জমি পানিতে ডুবে এলাকার অন্তত ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় চাষিদের মতে, ভূমিদস্যু চক্র আবাসন ব্যবসার উদ্দেশ্যে গরিব চাষিদের জমি দখল করে বিনোদন পার্কের নামে হাজার হাজার মানুষের মরণফাঁদ তৈরি করছে। এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে স্থানীয় বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। উদ্যোক্তাদের বিরুদ্ধে কৃষকের মামলা: জানা যায়, গত ১৯ জানুয়ারি চাইন্দা এলাকার কৃষক মোহাম্মদ হোছাইন, নাসির উদ্দিন, কলিমুল্লাহ ও মাওলানা নুরুল হক কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অ্যামিউজম্যান্ট ক্লাবের চেয়ারম্যান ঢাকার কেরানিগঞ্জের বাসিন্দা নাজিম উদ্দিন, ফেরদৌস, কবির আহমদসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা টেকনাফ-কক্সবাজার সড়কের মিঠাছড়ি এলাকায় ২২০ একর তিন ফসলি ধানি জমি ও সড়কের পাশের সরকারি জমিসহ পানি চলাচলের খাল (ছড়া) দখল করে তাতে মাটি ভরাট করে অ্যামিউজম্যান্ট ক্লাব তৈরি করছেন। প্রতিদিন প্রায় ২০০ শ্রমিক দিয়ে অবকাঠামো নির্মাণ ও জমি ভরাটের কাজ চলছে। এতে ২০ গ্রামের ৩০ হাজার মানুষকে বর্ষাকালে পানিবন্দী হয়ে থাকতে হবে। প্রায় ১০ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাবে। সরকারি খাস ও কৃষি জমি পরিবর্তন করে এ পার্ক বা ক্লাব নির্মাণের প্রতিবাদে স্থানীয় লোকজন মিছিল-সমাবেশ করলেও প্রভাবশালীমহলটি তাতে তোয়াক্কা করছেন না। বরং তাঁরা সন্ত্রাসী দিয়ে গ্রামবাসীর ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছেন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আট একর খাসজমি এবং দারোগারছড়া মাতব্বরডেপা এলাকার ১০০ একর চাষযোগ্য জমি দখলের পাঁয়তারা করছেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে প্রভাবশালীমহলের ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কলেজশিক্ষক সরওয়ার আলম বলেন, ‘উদ্যোক্তারা কিছু জমি কিনলেও এসব জমির বেশির ভাগ বিরোধপূর্ণ। কাগজপত্রে মালিক কিন্তু দখলে নেই, অথবা দখলে থাকলেও বৈধ কাগজপত্র নেই কিংবা আদালতে মামলা চলছে এমন বিরোধপূর্ণ জমি নামমাত্র মূল্যে কেনা হয়েছে। পার্কের বিপরীতে এসব জমির কোনো রেজিস্ট্রি (নিবন্ধন) বা খতিয়ান নেই।’ আদালতের নিষেধাজ্ঞা: সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি আদালত চেইন্দা এলাকায় সরকারি খাল ও খাসজমি দখল এবং কৃষি জমিতে অ্যামিউজম্যান্ট ক্লাব ও ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরির কাজ বন্ধের নির্দেশ দেন। এ ছাড়া, রামু উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দিতে এবং স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া আদালতের নির্দেশের সত্যতা নিশ্চিত করে জানান, ‘নির্দেশ অনুযায়ী নোটিশ দিয়ে ক্লাবটির নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।’ সহকারী কমিশনার (ভূমি) ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সরকারি নীতিমালা অনুসরণ কিংবা কোনো অনুমোদন নেওয়া হয়নি। আদালতের নির্দেশ অমান্য করে কাজ চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ২৭ এপ্রিল দুপুরে সরেজমিনে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ভরাট ও ভরাট জমির পাশে পাকা ভবনসহ অবকাঠামো নির্মাণ অব্যাহত রয়েছে। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের নেতারা জানান, তাঁরা আগের দিন বিকেলে সরেজমিন গিয়ে ক্লাব নির্মাণ ও জমি ভরাট করতে দেখেছেন। এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি দীপক শর্মা বলেন, ‘নির্মাণকাজের বিরুদ্ধে কোনো আন্দোলন কিংবা পত্রপত্রিকায় লেখালেখি বন্ধ রাখার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে ইতিমধ্যে নানাভাবে বশ করা হয়েছে। সম্ভবত এ কারণে প্রশাসনসহ সমাজের অনেকেই নীরব ভূমিকা পালন করছেন। একই রকম মন্তব্য করেন বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। ভূমিদস্যুদের হুমকি ধমকি: অ্যামিউজম্যান্ট ক্লাবের বিরুদ্ধে সোচ্চার এবং পাহাড় কাটা প্রতিরোধে আন্দোলন করায় দখলদারদের পক্ষ থেকে বিভিন্ন লোকজনকে হত্যা, অপহরণের হুমকিসহ নানা ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জমির মালিক ও চাষিসহ ১০৩ ব্যক্তি জীবনের নিরাপত্তা চেয়ে রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী জানান, পাহাড় থেকে মাটি কেটে ফসলি জমি ভরাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ভূমিদস্যুরা তাঁর প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে গত ১ মার্চ রামু থানায় জিডি করা হয়েছে। এতে তিনি উল্লেখ করেন, গত ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মুঠোফোনে ক্লাবের জন্য জমি ভরাটের ব্যাপারে জানতে চাইলে রানা পরিচয় দিয়ে ক্লাবের একজন কর্মকর্তা প্রাণনাশের হুমকি দিয়ে উল্টো তাঁকে বলেন, ‘চাচা, আমরা এগুলো নিয়া টেনশন ফিল করি না। এ রকম প্রজেক্টে কাজ করতে গেলে ১২-১৪টা মার্ডার হইয়া যায়। মামলা-মোকদ্দমা আমাদের অলংকার।’ বেলার আইনি নোটিশ: এদিকে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত ৫ এপ্রিল ইন্টারন্যাশনাল অ্যামিউজম্যান্ট ক্লাবের চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক জি এম সারোয়ার, দীবু প্রসাদ আর প্যাটেলসহ ১১ জনের বিরুদ্ধে আইনি নোটিশ (বিজ্ঞপ্তি) পাঠিয়েছে। এতে সংরক্ষিত বনের কয়েকটি পাহাড় কেটে ক্লাব নির্মাণের জন্য কয়েক শ একরের তিন ফসলি ধান চাষের নিচু জমি ভরাট করার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস এবং আসন্ন বর্ষায় ১০ হাজার একরের বেশি ফসলি জমি পানির নিচে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ভূমি, পরিবেশ ও বন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের তিন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকেও (ভূমি) নোটিশ দেওয়া হয়েছে। বেলার আইনজীবী ইকবাল কবির এ আইনি নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে কানুনগো এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ওই এলাকা পরিদর্শন করে ক্লাবের কার্যক্রম বন্ধ এবং এ কাজে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন। কিন্তু স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্পের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করলেও কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের জানা মতে, ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব প্রতিষ্ঠার বিপরীতে জমির শ্রেণী পরিবর্তন এবং পাহাড় কাটার কোনো অনুমোদন নেই।বেলার চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরী রেজিস্ট্রি ডাকযোগে ১১ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর কথা স্বীকার করেন। যোগাযোগ করলে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়াই এ ক্লাবটি নির্মাণ করা হচ্ছিল। আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে।’ এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও অ্যামিউজম্যান্ট ক্লাবের পরিচালক মহাব্যবস্থাপক মো. সরোয়ারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। ক্লাবের উপদেষ্টা ফজলুল কাদের চৌধুরী ক্লাবের পক্ষ থেকে কাউকে হুমকি দেওয়া বা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালানোর অভিযোগ অস্বীকার করেন। প্রকল্পের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন এর আগে প্রথম আলোকে জানান, চাইন্দা এলাকায় ৪০০ বিঘা জমি কিনে তিনি ১৫০ বিঘা জমিতে আন্তর্জাতিক অ্যামিউজম্যান্ট ক্লাব, আর ১৫০ বিঘা জমিতে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করছেন। ক্লাবে রাতযাপনের জন্য তৈরি করা হবে আন্তর্জাতিক মানের ২০টি কটেজ, বিনোদনের জন্য শিশুপার্ক, ন্যাচার পার্ক ও কয়েকটি আধুুনিক মানের রেস্টুরেন্ট। জমি কেনা বাদে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। পাহাড় কেটে কৃষি জমি ভরাট ও জমির শ্রেণী পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েই এ কাজ করা হচ্ছে। সওজ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ‘অ্যামিউজম্যান্ট ক্লাবের জন্য সওজ বিভাগের মালিকানাধীন খাল ও জমি দখল করে ভরাট করার কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে জেলা প্রশাসনের মাধ্যমে নাজিম উদ্দিনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনো নোটিশের জবাব পাওয়া যায়নি। দখল করা জমি না ছাড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সাবাড় হওয়ার পথে রামুর ১৫ পাহাড়কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ১০টি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। আরও পাঁচটি পাহাড় সাবাড় হওয়ার পথে। এসব পাহাড় থেকে কাটা মাটি প্রতিদিন ১০-১৫টি ট্রাকে করে এনে চাইন্দা এলাকায় নির্মাণাধীন ইন্টারন্যাশনাল অ্যামিউজম্যান্ট ক্লাব নির্মাণের জন্য ফসলি জমি ভরাট করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, পার্কের অভ্যন্তরের বিশাল পুকুর খনন, রাস্তা নির্মাণ ও স্থাপনা তৈরির কাজ চলছে। বিপুল পরিমাণ মাটির চাহিদা পূরণ করতে দক্ষিণ মিঠাছড়ির বিভিন্ন পাহাড় কেটে এসব মাটি আনা হচ্ছে। দেখা গেছে, ইতিমধ্যে দক্ষিণ মিঠাছড়ির খাইম্যারঘোনা, বারইয়াপাড়া, নাপিতপাড়া, বনতলা, চাইল্যাতলীসহ আশপাশের ১০টির বেশি ছোট-বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। চাইল্যাতলীসহ একাধিক পাহাড় কেটেও ট্রাক বোঝাই করে মাটি সরবরাহ করতে দেখা গেছে। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী বলেন, ‘গত দুই মাসে ১০টির বেশি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’ আসন্ন বর্ষায় পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কাও করছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে বন বিভাগের চাইন্দা বিট কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চার প্রভাবশালী ভূমিদস্যুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, পাহাড় কাটা ও ধানি জমিতে ক্লাব তৈরি বন্ধ ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ, কক্সবাজার সিভিল সোসাইটিসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, ক্লাবের অবকাঠামো নির্মাণ ও ফসলি জমি ভরাট না করার জন্য আদালতের নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালী লোকজন তা মানছেন না। ফলে আগামী বর্ষা মৌসুমে এলাকায় বন্যার প্রকোপ দেখা দেবে। বিনোদন পার্কের বদলে এটি জনগণের মরণফাঁদে পরিণত হবে। তাই আন্দোলনের বিকল্প নেই। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘ভূমিদস্যুদের বিনোদন পার্ক তৈরির নামে গরিব চাষিদের মুখের ভাত কেড়ে নেওয়ার চক্রান্ত প্রতিহত করতে হবে।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘পাহাড় কেটে অ্যামিউজম্যান্ট ক্লাব নির্মাণ বন্ধ করা না হলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’