রামুতে নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুতে নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। বিভিন্ন বিহারে পুণ্যার্থীর ঢল নামে। তিন দিনের আয়োজনে ছিল ৮৪ হাজার ধর্মস্কন্দ পূজা, মৈত্রী শোভাযাত্রা, দুস্থ রোগীদের খাবার দান, হাজারো প্রদীপ প্রজ্বালন, সংঘদান, বস্ত্র বিতরণ ও পিণ্ডদান। রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার: রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে গত সোমবার রাতে বুদ্ধ কীর্তন এবং মঙ্গলবার ভোরে ৮৪ হাজার ধর্মস্কন্দ পূজার আয়োজন করা হয়। এ পূজাকে ঘিরে সোমবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো পূজারির পদভারে বিহার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নানা আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন বিহার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। তিনি জানান, প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে ৮৪ হাজার ধর্মস্কন্দ পূজাকে ঘিরে হাজারো পুণ্যার্থীর সমাগম হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও কক্সবাজারের উখিয়া, টেকনাফ, মহেশখালী, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূজারিরা এখানে আসেন। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন: ‘জগতের সকল প্রাণী সুখী হউক’ বুদ্ধের এ বাণী ধারণ করে তিনটি সুসজ্জিত হাতির পিঠে বসানো হয় বুদ্ধ ধাতু। পেছনে ঢোল, কাঁসর, মন্দিরাসহ নানা বাদ্য বাজিয়ে চলছিল বুদ্ধ কীর্তন। এভাবেই মৈত্রী শোভাযাত্রায় শত শত বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ ও নারী-পুরুষ রামুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার। বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ: রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় সীমা বিহারে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি সত্যপ্রিয় মহাথের। বক্তব্য দেন বঙ্কিম বড়ুয়া, তরুণ বড়ুয়া, রাজেন্দ্র বড়ুয়া, বিপক বড়ুয়া, দুলাল বড়ুয়া প্রমুখ।বৌদ্ধ প্রজ্ঞা সংসদ: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বলেছেন, ‘মানব বিশ্বের ইতিহাসে ঘটনাবহুল অনন্য একটি দিন বুদ্ধপূর্ণিমা। সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ, ত্রিস্মৃতিবিজড়িত এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি তাৎপর্যপূর্ণ।তিনি গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৌদ্ধ প্রজ্ঞা সংসদ আয়োজিত দুস্থ রোগীদের মধ্যে উন্নত খাবার বিতরণ, সদস্যদের হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা ও রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন।সংগঠনের সভাপতি পুলক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. মহিউদ্দিন, সুমন বড়ুয়া, দুলাল বড়ুয়া, রিটু বড়ুয়া, জ্যোতিকা বড়ুয়া ও মেঘনা বড়ুয়া। শাসনধ্বজা মহাজ্যোতিপাল সীমা ঘর: ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্বমেরংলোয়া ও হাইটুপী যুবসমাজের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে বৌদ্ধ উপাসক-উপাসিকাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।