রামুতে নির্বাচনী উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে মাঠে নেমেছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে উপজেলায় ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ।
গত ১৬ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদুল হক চৌধুরীর মৃত্যু হলে আসনটি শূন্য হয়। ১৭ নভেম্বর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ২৫ নভেম্বর, বাছাই ২৬ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর ভোটগ্রহণ।
প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ২৩ মার্চ অনুষ্ঠিত এই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী আহমেদুল হক চৌধুরী ৩৩ হাজার ৩০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা জামায়াতের আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান। তিনি পেয়েছিলেন ২১ হাজার ২১৩ ভোট। তৃতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগদলীয় সাংসদ সাইমুম সরওয়ারের মনোনীত প্রার্থী আবদুল মাবুদ। তিনি পেয়েছিলেন ১৯ হাজার ২৪১ ভোট। আর তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহেল সরওয়ার পেয়েছিলেন আট হাজার ৩৭৪ ভোট।
বিএনপির নেতা-কর্মীরা জানান, এবারের উপনির্বাচনে মরহুম আহমেদুল হক চৌধুরীর জায়গায় তাঁর স্ত্রী আনোয়ারা বেগম চৌধুরী বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপির নেতারা এ ক্ষেত্রে একমত রয়েছেন। ইতিমধ্যে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারের সঙ্গে কথা বলছেন। ভোটাররা সাড়াও দিচ্ছেন। তবে জামায়াতে ইসলামী চাইছে জোটের শরিক হিসেবে বিএনপি তাঁদের প্রার্থীকে সমর্থন করুক। কিন্তু এতে বিএনপির নেতা-কর্মীরা তাতে রাজি নন। এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আগের শক্তিশালী তিন প্রার্থী জামায়াতের ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, আওয়ামী লীগের আবদুল মাবুদ, সোহেল সরওয়ার ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী মাঠে নেমেছেন।
ভোটাররা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার ও বর্তমান সাংসদ সাইমুম সরওয়ারের মধ্যে দ্বন্দ্বের কারণে গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হয়েছে। একাধিক প্রার্থী হলে এবারও তাই হতে পারে।
উল্লেখ্য, এই উপজেলার ১১টি ইউনিয়নের ভোটার সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৮০১। ভোটকেন্দ্র ৫০টি।