রামুতে প্রাচীন পুরাকীর্তি হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা সদরের তিন কিলোমিটার দূরে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত জাদিটি (বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্যাগোডা) ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ের উত্তর পাশে মাটি ধসে পড়ায় প্রায় আড়াই শ বছরের স্মৃতিবিজড়িত জাদিটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী জানান, উঁচু পাহাড়ের চূড়ায় হওয়ায় অনেক দূর থেকে এই জাদির সৌন্দর্য উপভোগ করা যায়। জাদি পাহাড়ে উঠলে সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের কক্সবাজার সমুদ্রসৈকতও দেখা যায়। এ ছাড়া চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশি-বিদেশি পর্যটক এবং স্থানীয় লোকজনের কাছে এটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। কিন্তু দীর্ঘদিন অযত্ন-অবহেলায় থাকতে থাকতে পাহাড়টির উত্তর-পূর্বাংশ ধসে পড়েছে। তাই জাদিটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ধস রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বিশালাকার এ জাদি ভেঙে পড়ে প্রাণহানি ঘটতে পারে। সরেজমিনে দেখা যায়, ৩০০ ফুট উঁচু পাহাড়ের ওপর স্থাপিত জাদিটির উচ্চতাও প্রায় ১০০ ফুট। পাহাড়ের চারপাশে প্রাচীন স্থাপত্যশৈলীতে তৈরি সীমানাপ্রাচীর দেওয়া হলেও বর্তমানে উত্তরাংশে প্রায় ৫০ ফুট প্রাচীর ধসে গেছে এবং ওই পাহাড়ের ১৫-২০ ফুট মাটি ধসে পড়ায় ভাঙন জাদির গোড়া পর্যন্ত পৌঁছে গেছে। স্থানীয় বৌদ্ধ ভিক্ষু উচেকাচারা মহাথের জানান, জাদিটি প্রায় আড়াই শ বছরের পুরোনো। ১৯৯২ সালে জাদিটি সংস্কার করা হয়েছে। পাহাড়ধস রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে পাহাড়ধস রোধে নিচের অংশে প্রতিরোধক প্রাচীর (গাইডওয়াল) দেওয়া জরুরি।দীর্ঘ ২০ বছর পরিত্যক্ত পড়ে থাকার পর সম্প্রতি জাদির পাহাড়ের ওপরের ঝোপজঙ্গল পরিষ্কার করে মেলার আয়োজন করে স্থানীয় রাখাইন ও বড়ুয়া সম্প্রদায়। অন্যতম উদ্যোক্তা কেতন বড়ুয়া জানান, জাদিটি রেঙ্গুনি কারুকাজে তৈরি। বর্তমান সময়ে কোটি টাকা ব্যয় করেও এ রকম জাদি তৈরি করা যাবে না। কিন্তু পাহাড়ধস রোধে দ্রুত ব্যবস্থা না নিলে প্রাচীন এই পুরাকীর্তি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রামু উপজেলা শাখার সহসভাপতি দুলাল বড়ুয়া জানান, জাদি পাহাড়ে ওঠার পরিকল্পিত সিঁড়ি এবং জাদিটির সংস্কার করা হলে এটি রামুর প্রধান পর্যটনকেন্দ্রে পরিণত হবে।উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার জানান, রামুর বিভিন্ন বৌদ্ধ পুরাকীর্তির মধ্যে জাদিটি অন্যতম। পাহাড়ধস ঠেকাতে উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।