রামুতে বনভূমি ও নদীর তীরে তামাকের চাষ বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বনভূমি ও বাঁকখালী নদীর তীরে তামাক চাষ বন্ধ হচ্ছে না। বরং গতবারের তুলনায় বেড়েছে তামাক চাষ। কৃষি বিভাগ থেকে চাষিদের সচেতন করা হলেও এসব কেউ কানেই তুলছেন না। তামাক কোম্পানির প্রলোভনে ভেস্তে যাচ্ছে সব।
স্থানীয় কৃষকেরা বলেন, গত বছর এই মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়নে তামাকের চাষ হয়েছিল ২ হাজার ২০০ একরে। এবার হয়েছে ৩ হাজার একরে। এর অর্ধেক সরকারি খাস ও বনভূমি। এতে ঝুঁকির মুখে পড়ছে পরিবেশ।
বনভূমিতে তামাক চাষ হওয়ার কথা স্বীকার করে উপজেলার বাঁকখালী বন রেঞ্জের ঘিলাতলী বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, কিছু প্রভাবশালী বনাঞ্চলের পরিত্যক্ত বনভূমি দখল করে তামাক চাষ করছেন। এসব তামাক চারা উচ্ছেদের জন্য ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে। শিগগির এসব উচ্ছেদ করা হবে। তিনি বলেন, গত বছরও বনভূমি থেকে কয়েক একর তামাক চারা উচ্ছেদ করা হয়েছিল। তামাক পাতা পোড়ানোর জন্য বনাঞ্চলের গাছ কাটা হচ্ছে কি না, তা দেখার জন্য বনকর্মীরা সজাগ আছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড়, রাজারকূল, ফতেখাঁরকূল ইউনিয়নের বিভিন্ন স্থানে তামাক চাষ হচ্ছে। ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি বাঁকখালী নদীর দুই তীরে, সরকারি খাস ও পতিত জমি এবং বনাঞ্চল ও সামাজিক বনায়নের জমিতে তামাকের আবাদ হয়েছে। চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তামাকের চারা পরিচর্যা করছেন।
চাষিরা জানান, ফেব্রুয়ারি-মার্চ মাসে তামাক পাতা বিক্রির জন্য কাটা হবে। পাতা পোড়ানোর জন্য ঘরের আঙিনায় ও ফসলি জমিতে স্থাপন করা হবে কয়েক হাজার চুল্লি। কাউয়ারখোপের মনিরঝিল গ্রামের শিক্ষক এম সোলতান আহম্মদ বলেন, তামাক চাষ স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও গ্রামের সহজ সরল চাষিরা অধিক লাভের আশায় তামাক চাষের দিকে ঝুঁকছেন। তা ছাড়া বিভিন্ন তামাক কোম্পানি সহজ শর্তে ঋণ দেওয়ায় চাষিরা ক্ষতিকর এ কাজে উদ্বুদ্ধ হচ্ছেন।
ফতেখাঁরকূল গ্রামের কৃষক মমতাজ আহমদ বলেন, সবজি বা অন্যান্য ফসলের আবাদ করলে প্রয়োজনমতো সার মেলে না। কিন্তু তামাক খেতের জন্য সারের নিশ্চয়তা আছে। তামাক পাতা বিক্রিও হয় চড়া মূল্যে। তাই অনেকে ফসল উৎপাদন বাদ দিয়ে তামাক চাষ করছেন।
সরকারি খাস ও বনভূমিতে তামাক চাষ বেড়ে যাওয়ার কথা স্বীকার করে রামু কৃষি বিভাগের এক কর্মকর্তা জানান, উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নে তামাক চাষের জন্য কয়েক বছর আগে ৪০ শতক (এক কানি) জমি বর্গা পাওয়া যেত পাঁচ-ছয় হাজার টাকায়। এখন ৩০-৩৫ হাজার টাকা। তামাক কোম্পানিগুলো বর্গার টাকা দিয়ে চাষিদের তামাক চাষে নামাচ্ছেন। অন্যদিকে এত বিপুল টাকায় জমি বর্গা নিয়ে ধান বা সবজি চাষে নামার সাহস পাচ্ছেন না চাষিরা। এতে লোকসানের আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে কৃষি বিভাগ এবং সরকারি-বেসরকারি তামাকবিরোধী নানা প্রচারণা তেমন কাজে আসছে না।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, তামাকের গাছ থেকে শুধু পাতা সংগ্রহ করা হয়, তাই পাতা বড় করার জন্য খেতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন চাষিরা। অতিরিক্ত সার ব্যবহারের কারণে একদিকে জমির উর্বরতাশক্তি নষ্ট হয়, অন্যদিকে সার সংকট দেখা দেয়। আবার তামাক পোড়ানোর চুল্লিতে কাঠ পোড়ানোর কারণে বনাঞ্চলও উজাড় হয়ে যাচ্ছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
কৃষি বিভাগ কার্যালয় সূত্র জানায়, গত বছর রামুতে তামাক চাষ হয়েছে প্রায় ১ হাজার একর জমিতে। এবার ৫০০ একর বেড়ে হয়েছে প্রায় দেড় হাজার একর। বনভূমি ও নদীর তীরের সরকারি খাসজমি এই হিসাবে ধরা হয়নি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, রামু, চকরিয়া, কক্সবাজার সদরের ঈদগাহসহ বিভিন্ন এলাকায় তামাক চাষ বেড়ে যাচ্ছে। তামাক পাতা পোড়ানোর জন্য তৈরি হবে কয়েক হাজার চুল্লি। ইটভাটার মতো চুল্লি তৈরির ক্ষেত্রে নীতিমালা বা আইন তৈরি দরকার। পরিবেশ রক্ষার স্বার্থে এবারও চুল্লিতে অভিযান চালাবে পরিবেশ অধিদপ্তর।
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. আনোয়ারুল নাসের বলেন, তামাক চাষের জন্য সরকারি খাসজমি কিংবা নদীর তীরের জমি কাউকে ইজারা দেওয়া হয়নি। এসব জমিতে কেউ তামাক চাষ করে থাকলে শিগগির তা উচ্ছেদ করা হবে।