রামুতে বনভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর দক্ষিণ মিঠাছড়ির বনভূমি দখল করে নির্মাণ করা হয়েছে বসতঘর  প্রথম আলো
রামুর দক্ষিণ মিঠাছড়ির বনভূমি দখল করে নির্মাণ করা হয়েছে বসতঘর প্রথম আলো

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বন বিভাগের জমি দখলে নিয়ে তৈরি করা হচ্ছে অবৈধ স্থাপনা। এর দেখাদেখি স্থানীয় অনেকে আরও বনভূমি দখলের প্রস্তুতি নিচ্ছে। উজাড় করছে বনের গাছপালা। পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। পরিবেশের এই বিপন্নতা নিয়ে বন বিভাগ একেবারেই উদাসীন।
৯ জুন দুপুরে কক্সবাজার সদর বন রেঞ্জের আওতাধীন রামুর চেইন্দা বন বিটের কাইম্যারঘোনা পাহাড়তলী এলাকা পরিদর্শন করে দেখা গেছে, বন বিভাগের প্রায় পাঁচ একর বনভূমি দখল করে তাতে আটটি ঝুপড়িঘর তৈরি করে বসবাস করছেন নারী-শিশুসহ বিভিন্ন লোকজন। এর মধ্যে একটি ঘর পলিথিনের বেড়া এবং ছনের ছাউনি দেওয়া। অপর সাতটি ঘর বাঁশের খুঁটি ও টিনের ছাউনিযুক্ত। ঘরের চারদিকে কলাগাছ লাগানো। পাশের বন ভূমিতে আরও কয়েকটি বসতবাড়ি নির্মাণাধীন।
বনের জমিতে অবৈধভাবে ঘর তৈরির কারণ জানতে চাইলে স্থানীয় আবদুল হামিদ ও আবদুল হালিম বলেন, ‘আমাদের আগে অনেকেই বনের জমিতে ঘর তৈরি করে পরিবার নিয়ে বাস করছেন। তাঁদের কেউ বাধা দেয়নি। তাই আমরাও বনের জমিতে ঘর তৈরি করছি।’
এর আগে বনভূমিতে তৈরি করা আটটি ঘরে বসতি গড়েছেন স্থানীয় খালেদা বেগম, রাশেদা বেগম, সৈয়দ মিয়াজী, নুরুল ইসলাম, আবদুর রহিম, জাফর আলম, সৈয়দ আলম ও জমিলা খাতুন।
দখলদার খালেদা বেগম জানান, মাস খানেক আগে তিনি এই জমিতে ঘরটি নির্মাণ করেন। এরপর ছেলেমেয়েদের নিয়ে তিনি বসতি শুরু করেন।
পাশের ঘরের দখলদার রাশেদা বেগম বলেন, এই জমিটি তাঁরা কয়েকজন মিলে স্থানীয় দুলা মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছিলেন। এখন ওই জমি দখলে নিয়ে ঘর তৈরি করেছেন।
পাশের ঘোনারপাড়া এলাকার নুরুল কবির বলেন, এখন যে বনভূমিতে ঘরবাড়ি তৈরি করা হয়েছে—তা আগে ছিল খেলার মাঠ। বন বিভাগের পরিত্যক্ত এই মাঠে স্থানীয় শিশু-কিশোরেরা প্রতিদিন খেলত। এখন মাঠটি দখল হওয়ায় কয়েকটি গ্রামের ছেলেমেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। খেলার মাঠসহ বন বিভাগের বিপুল আয়তনের জমি বেদখলে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও বনকর্মীরা নীরব ভূমিকা পালন করছেন।
স্থানীয় ফরিদুল আলম ও মোহাম্মদ করিম অভিযোগ করেন, গত ৮ এপ্রিল বনকর্মীদের সামনে দখলদার আবদুল হালিম নিজের
একটি ঝুঁপড়িঘরে আগুন দিয়ে পরবর্তীতে রামু থানায় এলাকার কয়েকজন প্রতিবাদী মানুষের বিরুদ্ধে একটি মামলা রুজ্জু করেন। উদ্দেশ্য, প্রতিবাদী মানুষের মুখ বন্ধ রেখে আরও বনভূমি দখল করা।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর বনরেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল বলেন, গত ৮ এপ্রিল বনভূমিতে তৈরি করা কয়েকটি বসতবাড়ি উচ্ছেদের জন্য বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান শুরু করলে হঠাৎ একটি ঘরে আগুন জ্বলে ওঠে। এ সময় হইচই শুরু হলে অভিযান বন্ধ রাখা হয়। এখন পুনরায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন ভূমিতে তৈরি বসতবাড়ি উচ্ছেদের প্রস্তুতি চলছে।