রামুতে বনের ভেতর ২০০ তামাকচুল্লি
রামুর গর্জনীয়া ও কচ্ছপিয়া ইউনিয়ন ছিল উপজেলার শস্যভান্ডার। সিংহভাগ সবজি উৎপাদন হতো এখানে। কিন্তু ওই এলাকায় এখন যত দূর দৃষ্টি যায় শুধু তামাক আর তামাক। শাকসবজির পরিবর্তে চাষ হয়েছে তামাকের। বর্তমানে এখানকার ঘরে ঘরে চলছে তামাক পাতা শুকানোর কাজ। এ বছর রামুতে বনভূমিসহ তিন হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছে। আর এসব খেতের তামাক পাতা শুকানোর জন্য বনের ভেতরেই বসানো হয়েছে ২০০ চুল্লি।কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোকতার আহমদ বলেন, শুধু গর্জনীয়া, কচ্ছপিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নে এ বছর প্রায় দুই হাজার তামাকচুল্লি বসানো হয়েছে। প্রতি দুই একরের জন্য একটি চুল্লি বসানো হয়। এর মধ্যে নদীর তীর, বসতবাড়ির আঙিনা, খেতের মাঝখানে ছাড়াও বনের ভেতরে বসানো হয়েছে প্রায় ২০০ চুল্লি। সব চুল্লিতেই বনের কাঠ পুড়িয়ে তামাক পাতা শুকানো হচ্ছে।স্থানীয় বাসিন্দা ওবাইদুর রহমান বলেন, ‘তামাক চাষের কারণে বর্তমানে গর্জনীয়া-কচ্ছপিয়ায় বছরে প্রতিকানি জমির লাগিয়ত (খাজনা) ২০-২৫ হাজার টাকা। কিন্তু সবজিচাষিরা পাঁচ-ছয় হাজার টাকার বেশি দিতে পারেন না। সে কারণে জমির মালিকেরাও বেশি লাভের আশায় তামাকচাষিদের কাছে জমি বর্গা দিচ্ছেন। এতে সবজিচাষিদের অনেকেই তামাক চাষ করতে বাধ্য হচ্ছেন।’কাউয়ারখোপের মইশকুম এলাকায় এ বছর চার কানি জমিতে তামাক চাষ করেন এরশাদ উল্লাহ (৩৮)। ঘরের পাশে বনের ভেতর তৈরি করেন তামাকচুল্লি। ঘরের ভেতর মজুদ করেন বিপুল পরিমাণ তামাক পাতা। তিনি বলেন, ‘শুনেছি এটা শরীরের জন্য খুব ক্ষতিকর। কিন্তু কী করব, অন্য দশজনের মতো আমিও করছি।’ বনভূমিতে চুল্লি করার ব্যাপারে তিনি বলেন, ‘চুল্লিটি বন বিভাগের লোকজন দুবার ভেঙে দিয়েছিলেন। কিন্তু তামাক পাতা বেচতে না পারলে খাব কী? তাই আবার করেছি।’এ প্রসঙ্গে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘আমি যোগদান করেছি কিছু দিন আগে। এর মধ্যে সাতটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে থাকলেও জনবলসংকটের কারণে আমরা অভিযান চালাতে পারছি না।’নাম প্রকাশ না করার শর্তে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, ‘তামাকচাষিদের বাড়িঘরের প্রতিটি কক্ষ তামাক পাতায় ভরা। বর্তমানে পরিবারের নারী-পুরুষ সদস্যরা পাতা শুকানো এবং আঁটি বাঁধার কাজে ব্যস্ত। তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে চাষিদের কিছুটা ধারণা থাকলেও বেশি লাভের আশায় তাঁরা স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না।’ তিনি জানান, তামাক পোড়ানোর একটি চুল্লিতে আট থেকে ১০ জন শ্রমিক কাজ করেন। চাষিরা কম পারিশ্রমিক দিতে ১২-১৩ বছরের শিশুদের কাজে লাগাচ্ছেন। বর্তমানে এসব চুল্লিতে প্রায় ১০ হাজার শিশুশ্রমিক নিয়োজিত আছে।কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, ‘তামাকের বিষাক্ত নিকোটিনের প্রভাবে শিশুরা শ্বাসকষ্ট, রক্তনালি সংকোচন, ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। গর্ভবতী মহিলারা আক্রান্ত হলে অনাগত শিশুর ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’