তামাক চাষ-বিরোধী নানা প্রচারণার মধ্যেও কক্সবাজারের রামুর বিভিন্ন স্থানে সরকারি খাস ও বন বিভাগের সামাজিক বনায়নের জমিতে তামাক চাষ বাড়ছে। বন বিভাগ বারবার অভিযান চালালেও পরিবেশবিধ্বংসী এ কাজ ঠেকানো যাচ্ছে না। বনাঞ্চলের ভেতরে সামাজিক বনায়নের জমিতে আবাদ করায় সম্প্রতি কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ একর খেত এবং ১৬টি বীজতলা নষ্ট করেছে বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কার্যালয়। খোঁজ নিয়ে এবং চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ, ঈদগড়, রাজারকুল ইউনিয়নের বিভিন্ন স্থানে তামাক চাষ আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু ব্যক্তিমালিকানাধীন জমি নয়, সরকারি খাস ও পতিত জমি, বনাঞ্চলের ভেতরে সামাজিক বনায়নের জমিতেও তামাকের আবাদ দিন দিন বাড়ছে। এ বছর এসব এলাকায় ব্যক্তিমালিকানাধীন এবং সরকারি প্রায় চার হাজার একর জমিতে তামাক চাষের প্রস্তুতি চলছে। এর মধ্যে বনভূমি আছে প্রায় এক হাজার একর। উৎপাদিত তামাক পোড়ানোর জন্য তৈরি করা হবে প্রায় দুই হাজার চুল্লি (তন্দুর)।কাউয়ারখোপের মনিরঝিল এলাকার তামাকচাষি নুরুল আলম ও আবদুল্লাহ আল মামুন জানান, তামাক চাষ স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় চাষিরা সেদিকে ঝুঁকছেন। তা ছাড়া সবজি বা অন্যান্য ফসলের আবাদ করলে প্রয়োজনমতো সার মেলে না। এখানে সারের নিশ্চয়তা এবং তামাক কোম্পানিগুলো সহজ শর্তে ঋণও দেয়। নাম প্রকাশ না করার শর্তে কৃষি বিভাগের এক কর্মকর্তা জানান, গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নে গত পাঁচ-সাত বছর আগেও সবজি চাষের জন্য এক কানি জমি বছরে পাঁচ-সাত হাজার টাকায় বর্গা পাওয়া যেত। এখন তামাক চাষের কারণে সে জমি বর্গা দেওয়া হচ্ছে ২৫-৩০ হাজার টাকায়। এত বেশি দামে জমি বর্গা নিয়ে সবজি চাষে লোকসানের আশায় অনেকে বাধ্য হয়ে তামাকের চাষ করছেন। বর্তমানে নানা কারণে চাষযোগ্য জমির সংকট দেখা দেওয়ায় বনভূমিতেও ব্যাপকভাবে তামাক চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, তামাকের শুধু পাতা সংগ্রহ করা হয়, তাই পাতা বড় করার জন্য তামাকখেতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা হয়। ফলে অতিরিক্ত সার ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় এবং সারসংকট দেখা দেয়। এ ছাড়া তামাক পোড়ানো এবং চুল্লি তৈরির জন্য কাঠ ব্যবহারের কারণে বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। বনাঞ্চলে তামাকের আবাদ ও বীজতলা তৈরির কথা স্বীকার করে বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল হক মোল্লা জানান, ‘বনাঞ্চলে তামাকের আবাদ না করার জন্য আমরা গত বছর থেকে প্রচারণা শুরু করেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি শহীদ মোহাম্মদ ছাইদুল হক উদ্বেগ প্রকাশ করে বলেন, এ বছর কোনো অবস্থাতেই সরকারি খাস এবং বনাঞ্চলের ভেতরে (বনভূমি) তামাক চাষ করতে দেওয়া হবে না। সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এটা জেনেও লোকজন তামাকের পেছনে ছুটছেন, এটা বিস্ময়কর।কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, ‘যাঁরা তামাকখেতে এবং চুল্লিতে কাজ করেন বিষাক্ত নিকোটিনের প্রভাবে তাঁরা শ্বাসকষ্ট, হাঁপানি, হূদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারেন। শিশুদের জন্য ঝুঁকি আরও বেশি। কোনো গর্ভবতী মহিলা আক্রান্ত হলে গর্ভস্থ শিশুরও সমস্যা দেখা দিতে পারে।’