রামুতে বিদেশে পাঠানোর নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতেন মো. শহিদুল্লাহ (২৪)। প্রতিবেশী মো. ইসহাক মাস্টারের মাধ্যমে গত ৩০ অক্টোবর দুবাই যাওয়ার দিনক্ষণ ঠিক হলে ২৫ অক্টোবর তিনি চাকরি ছেড়ে এলাকায় চলে আসেন। তড়িঘড়ি করে চাকরি ছাড়ায় বার্ষিক জমা ছুটির প্রায় ৩৫ হাজার টাকাও কোম্পানি তাঁকে দেয়নি। বিদেশে পাড়ি দিতে দূতাবাসের মুখোমুখি হলে জানতে পারেন তাঁকে দেওয়া ভিসাটি জাল। বর্তমানে তিনি বেকার অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। ঘটনার শিকার মো. শহিদুল্লাহর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে। তাঁর মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। জমিজমা ও অলংকার বন্ধক রেখে তাঁরা এখন অসহায় অবস্থায় বিচারের জন্য জনপ্রতিনিধি ও থানা পুলিশের পিছু পিছু ঘুরছেন। প্রতারণার শিকার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের নবীউল আলম সম্প্রতি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে জানান, তিনি এবং তাঁর দুই ভগ্নিপতি (মনির আহাম্মদ ও মহিউদ্দিন) বিদেশ যাওয়ার জন্য জমি বন্ধক রেখে সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করেন। এই টাকা ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি একই গ্রামের মো. ইসহাক ওরফে ইসহাক মাস্টার ও তাঁর ব্যবস্থাপক মোস্তফাকে দেন ভিসার জন্য। দীর্ঘদিনেও ভিসা না পেয়ে পরবর্তীকালে স্বর্ণ ও হালের বলদ বেচে নবীউল অন্য লোকের মাধ্যমে বিদেশ যান এবং গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরেন। কিন্তু আড়াই বছর পার হলেও ভিসার জন্য ইসহাক মাস্টার ও মোস্তফাকে দেওয়া পাঁচ লাখ টাকা ফেরত পাননি। নবীউল জানান, জমি ও অলংকার বন্ধক রেখে দুই ভগ্নিপতি ভিসার জন্য টাকা দেন। সবকিছু হারিয়ে বর্তমানে তাঁরা দিনমজুর। পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব সিকদার প্রতারণার ঘটনা ঘটছে স্বীকার করে বলেন, ‘ইসহাক মাস্টার আমার বোনের জামাই সত্যি। তিনি এলাকার সম্মানিত ব্যক্তি। আমার জানা মতে, তিনি সব সময় এসবের (প্রতারণার) বিরুদ্ধে ছিলেন। কিন্তু বিদেশে থাকা তাঁর ছেলে মো. জহির ও তাঁর ভাইপো মো. সরোয়ার প্রতারণার সঙ্গে জড়িত। ভুক্তভোগীরা আমার কাছে এলে তাঁদের বলেছি, মাস্টারের ছেলে (জহির) দেশে এলে বিষয়টি মীমাংসা করব।’ প্রতারণার অভিযোগ অস্বীকার করে মো. সরোয়ার বলেন, ‘বর্তমানে ইসহাক মাস্টার দেশের বাইরে আছেন। সে সুযোগে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপবাদ রটানো হচ্ছে।’ গর্জনিয়া মাঝিরকাটা গ্রামের মো. কামাল জানান, কচ্ছপিয়া ফাক্রিকাটা গ্রামের মো. এমদাদ সিঙ্গাপুর পাঠানোর কথা বলে তাঁর কাছ থেকে প্রায় দেড় বছর আগে চার লাখ টাকা নেন। কিন্তু প্রতারিত হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে গত ৫ সেপ্টেম্বর সালিসের মাধ্যমে এক লাখ টাকা আদায় হয়। বাকি টাকা এখনো উদ্ধার হয়নি। খোঁজ নিয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ঈদগড়, কচ্ছপিয়া, গর্জনিয়া, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং, কাউয়ারখোপ, জোয়ারিয়ানালা, রশিদনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভিসাসংক্রান্ত প্রতারণার ঘটনা ঘটছে। ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন শাহ্ বলেন, লোকজন বিদেশে গিয়ে বাড়তি আয়ের লোভে, অনেকে অভাবের তাড়নায় সর্বস্ব বেচে, জমি-জমা বন্ধক রেখে টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে। রামু থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘প্রতি মাসেই এ ধরনের অভিযোগ আসে। যেহেতু এখানে এক পক্ষের বড় স্বার্থ জড়িত থাকে, তাই প্রথমে পুলিশ আপসের চেষ্টা করেন। সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা নেন।’ তিনি এ ধরনের প্রতারণা রোধে মানুষের সচেতনতার ওপর জোর দেন।