রামুতে বৌদ্ধ ও রাখাইন পল্লিতে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্নি ধানের খই, চাল ও খইয়ের নাড়ু, চালের পাঁপরসহ হরেক রকম সুস্বাদু খাবার ও পিঠা পায়েস তৈরির ধুম পড়েছে রামুর বৌদ্ধ ও রাখাইন পল্লিতে। ঘর সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় মহাব্যস্ত পাড়ার গৃহিণীরা। বৌদ্ধমন্দিরগুলোতেও চলছে বুদ্ধস্নান ও হাজার প্রদীপ প্রজ্বালনের সাজসজ্জার কাজ। গ্রামে গ্রামে চলছে লুডুর গাছ প্রতিযোগিতা, আনন্দ মেলা, পাগলের মেলা, সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের প্রস্তুতি। স্থানীয় লোকজন জানান, উপজেলার মেরংলোয়া, হাইটুপী, শ্রীকুল, দ্বীপশ্রীকুল, পূর্ব রাজারকুল, উত্তর মিঠাছড়ি, রামকোট, নাসিরকুল, হাজারীকুল, উত্তর ফতেখারকুল, জাদিপাড়া, মরিচ্যা বড়ুয়াপাড়া, পূর্ব মেরংলোয়া, দক্ষিণ শ্রীকুল গ্রামসহ রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার, মেরংলোয়া কেন্দ্রীয় সীমাবিহার, শ্রীকুল মৈত্রীবিহার, চেরাংঘাটা বড় ক্যাং, পূর্ব রাজারকুল বৌদ্ধবিহার, জাদিপাড়া আর্য্যবংশ বৌদ্ধবিহার, উখিয়ারঘোনা জেতবন বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধবিহারসহ অন্তত ৩০টি বৌদ্ধ ও রাখাইন পল্লিতে চৈত্রসংক্রান্তির ব্যাপক প্রস্তুতি চলছে। রামু উপজেলা বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, ‘প্রতিবছর চৈত্র মাস ঢোকার সঙ্গে সঙ্গে পাড়ায় পাড়ায় বৌদ্ধ নর-নারী ও শিশু-কিশোরদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়। দিন দিন এ আমেজ বাড়তে থাকে। ঘরে ঘরে গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েন নানা খাবার তৈরিতে। এ ছাড়া রামুর ১৫টি বৌদ্ধবিহারে বুদ্ধস্নানের নানা আয়োজন শেষের দিকে।’ চৈত্রসংক্রান্তি উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি চলছে মেরংলোয়া গ্রামেও। এখানকার প্রধান উদ্যোক্তা পলক বড়ুয়া জানান, এ বছর মেরংলোয়া কেন্দ্রীয় সীমাবিহারের পাশে খালি মাঠে হবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে থাকবে—লুডুর গাছ প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা ও লোকগানের আসর। হাজারীকুল গ্রামের গৃহিণী বিজয়া বড়ুয়া বলেন, প্রচণ্ড গরমে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং হরেক রকম নাশতা তৈরির কাজে একটু কষ্ট হচ্ছে। তারপরও সবাই আনন্দ ও উৎসাহ-উদ্দীপনায় কাজ করছে। পূর্ব মেরংলোয়া গ্রামের প্রবীণ শিক্ষক মনমোহন বড়ুয়া বলেন, ‘চৈত্রসংক্রান্তির দিন গ্রামের শিশু-কিশোর এবং বয়োজ্যেষ্ঠ লোকজনও এ বাড়ি ও বাড়ি বেড়াতে যায়। শিশু-কিশোররাই আনন্দে মেতে ওঠে বেশি।