রামুতে বৌদ্ধদের উপসম্পদা অনুষ্ঠান
বৌদ্ধ পুরাকীর্তির শহর কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে দুই বৌদ্ধ শ্রমণের উপসম্পদা প্রদান অনুষ্ঠান ৭ জানুয়ারি নানা আয়োজনে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে অষ্ট পরিষ্কারদান ও মহাসংঘদানের আয়োজন করা হয়। মহাসংঘদান ও অষ্ট পরিষ্কারদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, দক্ষিণ চট্টলার বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, রামু সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের। অনুষ্ঠানের উদ্বোধন করেন হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধবিহার ও নির্বাণ ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ, উপসম্পদা গ্রহণকারী দুই শ্রমণের অনুশাসন গুরু জ্ঞানরত্ন থের। ধর্মদেশনা দেন রামু চেরাংঘাটা বড় ক্যাংয়ের অধ্যক্ষ পাঞ্চদীপা মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের, বোধিরত্ন থের, শীলনন্দ থের ও শীলরত্ন থের প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন দীপক বড়ুয়া। অনুষ্ঠানে উপসম্পদা গুরু জ্ঞানরত্ন থের জানান, শ্রমণ বা বৌদ্ধপুত্র থেকে ভিক্ষু ধর্মে দীক্ষিত করার অনুষ্ঠানকে উপসম্পদা বলা হয়।